ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে ‘মৃত’ দেখিয়ে ওয়ারিশান সনদ নেওয়ার অভিযোগ

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে এক জীবিত ব্যক্তিকে ‘মৃত’ দেখিয়ে ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। মৃত দেখিয়ে নেওয়া ওই সনদ ব্যবহার করে তাঁর ভাইয়েরা জমি নিজেদের নামে খারিজ করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
একই পরিবারকে নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে ভিন্ন সময়ে দুটি পৃথক ওয়ারিশান সনদ দেওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ২০২২ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন ভুবন আলীর একটি ওয়ারিশান সনদ ইস্যু করেন। ওই সনদে চার ছেলে ও তিন মেয়ের নাম উল্লেখ করা হয়েছিল।
পরবর্তীতে গত বছরের (২০২৬ সালের) ২ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিমলা রানী একই পরিবারের নামে আরেকটি নতুন সনদ ইস্যু করেন। নতুন সেই সনদে ছেলে চারজনের জায়গায় পাঁচজন এবং তিন মেয়ে দেখানো হয়। আর এই নতুন সনদে আজগর আলী নামের এক ছেলেকে মৃত বলে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগকারী আজিজুর রহমান নিজেই ওই পরিবারের বড় ছেলে। তাঁর দাবি, ‘আজগর আলী’ ও ‘আজিজুর রহমান’ আলাদা কোনো ব্যক্তি নন, এটি তাঁরই ডাবল নাম।
তাঁর তিন বোনের মধ্যে বড় বোন হাজেরা বেগম মারা গেলেও বাকি দুই বোন জীবিত আছেন। তাঁর চার ভাই হলেন—আনোয়ারুল হক, মাশারুল হক, আমিরুল ইসলাম এবং তিনি নিজে। আজগর আলী নামে তাঁদের কোনো ভাই নেই বলে দাবি তাঁর।
আজিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি আজগর আলী ওরফে আজিজুর রহমান। এখনো জীবিত ও সুস্থ আছি। অথচ আমার নামের একটি অংশ কেটে আলাদা করে ‘আজগর আলী’ নামে আরেকজনের কাল্পনিক পরিচয় তৈরি করে আমাকে মৃত দেখানো হয়েছে। সেই ভুয়া সনদ ব্যবহার করে আমার নামে কেনা জমিও নিজেদের নামে খারিজ করে নিয়েছেন আমার ভাইয়েরা।”
তিনি আরও জানান, তাঁর বাবা গোলাম রসুলের কাছ থেকে ‘আজগর আলী ওরফে আজিজুর রহমান’ নামে তাঁর নিজের জন্য জমি কেনা হয়েছিল।
পরবর্তীতে বাবা জীবদ্দশায় ওই জমি শুক্রা শীলের কাছে বিক্রি করেন; অর্থাৎ জমিটি পৈতৃক সম্পত্তিও নয়। বিষয়টি জানার পর তিনি প্যানেল চেয়ারম্যান সিমলা রানিকে নিজের জীবিত থাকার বিষয়টি জানান।
প্যানেল চেয়ারম্যান তাঁর বাড়িতে এসে তাঁকে জীবিত দেখে সনদ সংশোধনের আশ্বাস দিলেও দীর্ঘ দিনেও তা করা হয়নি। উল্টো বারবার যোগাযোগ করলে তাঁকে ‘আজ করব, কাল করব’ বলে কালক্ষেপণ করা হচ্ছে।
তবে ভাইদের দাবি সম্পূর্ণ অস্বীকার করে অভিযুক্ত তিন ভাই আনোয়ারুল হক, মাশারুল হক ও আমিরুল ইসলাম বলেন, তাঁরা পাঁচ ভাই ছিলেন।
তাঁদের মেজো বা অন্য এক ভাই আজগর আলী শৈশবে কালাজ্বরে আক্রান্ত হয়ে আনুমানিক ৯ থেকে ১০ বছর বয়সে মারা যান। আজিজুর রহমানের আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা বলেও দাবি করেন তাঁরা।
স্থানীয় বাসিন্দা ও স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ছোটবেলা থেকেই ওই পরিবারটিকে চার ভাই ও তিন বোনের পরিবার হিসেবে চেনেন সবাই। আকচা ইউনিয়ন (পূর্ব) বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তালেব বলেন, “ছোটবেলা থেকেই জানি ওই পরিবারে চার ভাই ও তিন বোন।
এখন হঠাৎ পাঁচ ভাইয়ের কথা শুনছি। প্যানেল চেয়ারম্যানও আগে পরিবারটিতে চার ছেলে ও তিন মেয়ে থাকার বিষয়টি জানতেন। ধারণা করা হচ্ছে, যথাযথ যাচাই-বাছাই না করেই নতুন সনদটি দেওয়া হয়েছে।”
স্থানীয় ইউপি সদস্য বিজয় চন্দ্র জানান, আগের চেয়ারম্যানের দেওয়া ওয়ারিশান সনদের বিষয়ে তিনি অবগত থাকলেও প্যানেল চেয়ারম্যানের নতুন সনদ দেওয়ার বিষয়টি তাঁর জানা ছিল না। তাঁর মতে, আজগর আলী ও আজিজুর রহমান একই ব্যক্তি এবং তিনি এখনো সশরীরে বেঁচে আছেন।
এ বিষয়ে বর্তমান প্যানেল চেয়ারম্যান সিমলা রানী বলেন, “পরিবারের সদস্য ও ভাইয়েরা আমার কাছে এসে ওয়ারিশান সনদ চেয়ে আবেদন করেছিলেন এবং সঙ্গে একটি মৃত্যু সনদও এনেছিলেন।
আবেদনে পাঁচ ভাইয়ের নাম উল্লেখ ছিল। তবে ৫ নম্বর ওয়ার্ডে আজগর আলী নামে যে জীবিত ব্যক্তি রয়েছেন, তাঁকেও আমি চিনি। বিষয়টি নিয়ে আমিও বর্তমানে সন্দিহান রয়েছি।”
একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে সনদ নেওয়ার এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দ্রুত এই জালিয়াতির তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভুয়া সনদ বাতিলের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

