ইবিতে ফার্মাসিউটিক্যাল শিল্পে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা নিয়ে সেমিনার

lইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফার্মাসিউটিক্যাল শিল্পে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় দক্ষতা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে ‘ক্যারিয়ার ইনসাইটস ইনটু দ্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে ফার্মাসিউটিক্যাল শিল্পে কর্মসংস্থানের সুযোগ, পেশাগত চ্যালেঞ্জ এবং চাকরির বাজারে নিজেদের যোগ্য করে তুলতে প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করেন বক্তারা।
ফার্মেসি বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রেনাটা পিএলসির প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং ডিভিশনের জেনারেল ম্যানেজার ওবায়দুল ইসলাম।
এ সময় ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, প্রভাষক রসূল করিম, প্রভাষক হাসান আলী, প্রভাষক সজনী খাতুনসহ বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান আলোচকের বক্তব্যে ওবায়দুল ইসলাম ফার্মেসি বিভাগের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এ বিষয়ে পড়াশোনা শেষে চাকরির বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। তিনি বলেন, কর্মক্ষেত্রে অন্যদের তুলনায় এগিয়ে থাকতে হলে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাপ মোকাবিলার মানসিকতাও গড়ে তুলতে হবে। নতুন কর্মপরিবেশের চ্যালেঞ্জ মোকাবিলায় অ্যালামনাই ও শিক্ষকদের পরামর্শ অনুসরণের ওপরও গুরুত্ব দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, শিক্ষার্থীদের সিভিতে সাধারণত একই ধরনের তথ্য থাকে। ব্যক্তিগত ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার বাইরে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। তাই চাকরির বাজারে নিজেদের চাহিদা তৈরি এবং তা ধরে রাখতে বাড়তি দক্ষতা অর্জন জরুরি।
তিনি আরও বলেন, আধুনিকতার অর্থ হলো নিজের জীবন স্বাধীনভাবে পরিচালনার সক্ষমতা অর্জন করা। আর এ সক্ষমতা অর্জনের অন্যতম প্রধান নিয়ামক আর্থিক সচ্ছলতা। সরকারি চাকরিতে নির্দিষ্ট বেতন কাঠামো থাকলেও বেসরকারি খাতে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারলে যোগ্যতা অনুযায়ী বেতন পাওয়ার সুযোগ রয়েছে।




