তেঘর মাঠে ফুটবলের উত্তেজনা, জয়পুরহাটকে হারিয়ে চ্যাম্পিয়ন গাইবান্ধা

আপডেট: November 16, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: জমজমাট আয়োজন ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনালে স্বাগতিক জয়পুরহাট জেলা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গাইবান্ধা জেলা দল।

শুক্রবার বিকেল ৪টায় জয়পুরহাটের ঐতিহ্যবাহী তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। শেষ পর্যন্ত একমাত্র গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে গাইবান্ধা জেলা দল। ফলে রানার্সআপ হয় স্বাগতিক জয়পুরহাট জেলা দল।

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে একটি গরু এবং রানার্সআপ দলের জন্য একটি খাসি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, সদস্য আলী হাসান মুক্তা, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাজ্জাদ সিরাজ জয়, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইউসুফ আলী মন্ডল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,  জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় মাঠে উপস্থিত বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Share Now