বানারীপাড়ায় সাবেক যুবদল নেতা বাবু মোল্লার আকর্ষিক মৃত্যু

আপডেট: November 16, 2026 |
print news

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনার পর ছাব্বির মোর্শেদ শিশির ওরফে বাবু মোল্লা (৪২) নামে সাবেক এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত বাবু মোল্লা বানারীপাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য এবং সাবেক কাউন্সিলর মিঠু মোল্লার আপন ছোট ভাই। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে তাঁর বড় ভাই জহিরুল মোর্শেদ বিপুল মোল্লার নাম উঠে এসেছে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। তাঁদের বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলম দিলির মোল্লা বানারীপাড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লা পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির জমিজমা নিয়ে একটি পক্ষের বিরোধ চলছিল। সম্প্রতি ৩২ শতক জমি লিখে দেওয়ার মাধ্যমে ওই বিরোধের মীমাংসা হয়। তবে জমি সংক্রান্ত বিষয়টি নিয়ে বড় ভাই বিপুল মোল্লা ও ছোট ভাই বাবু মোল্লার মধ্যে নতুন করে বিরোধের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে বুকে আঘাত পেয়ে বাবু মোল্লা ঘটনাস্থলেই বসে পড়েন।

এ সময় তাঁর শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী লিজা আক্তার অভিযোগ করে বলেন, বড় ভাইয়ের জোর আঘাতের পরই তাঁর স্বামী অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি বারবার বলছিলেন, তাঁর শ্বাস বন্ধ হয়ে আসছে। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

প্রতিবেশী মো. শামসুল হক জানান, রাতে জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাড়ির সামনে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে বড় ভাইয়ের আঘাতে বাবু মোল্লা বসে পড়েন। পরে তাঁকে ঘরে নেওয়া হলে বুকে ব্যথা শুরু হয়।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বিপুল মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, মরদেহের ময়নাতদন্ত করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা-পুলিশ। এ ঘটনায় এখনো বানারীপাড়া থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই সেখানে পুলিশ পাঠানো হয়নি।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বানারীপাড়া পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহে বাবু মোল্লার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ও দাফন শেষে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। এ সময় তিনি শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

Share Now