আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ইবি শিক্ষার্থীদের বহিষ্কারের অভিযোগ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যাগিংয়ের ঘটনায় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভিন্ন মেয়াদে ১৭ শিক্ষার্থীকে সিন্ডিকেটে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মধ্যে এক বছর করে বহিষ্কৃত তিন শিক্ষার্থীকে আত্মপক্ষ সমর্থন ছাড়াই বহিষ্কার করেছে বলে অভিযোগ ওঠেছে তদন্ত কমিটির বিরুদ্ধে।
এতে তদন্তপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযুক্তরা। শিক্ষার্থীদের দাবি—তদন্ত কমিটির পক্ষ থেকে তাদের কোনো সাক্ষাৎকার নেওয়া হয়নি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি।
তবে তদন্ত কমিটির আহ্বায়কের দাবি— বহিষ্কৃত সব শিক্ষার্থীকেই সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল এবং সাক্ষাৎকার ছাড়া কাউকে বহিষ্কার করা হয়নি।
এদিকে একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দুই জুনিয়র শিক্ষার্থীও তাদের বহিষ্কারের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন। তাদের একজনের দাবি— তিনি নিজেও র্যাগিংয়ের শিকার এবং ঘটনার বিরুদ্ধে অভিযোগপত্র লিখেছিলেন।
অন্যজনের দাবি, সিনিয়রদের সঙ্গে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়ায় তাকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত দেখানো হয়েছে।
পাশাপাশি বিভাগের সিআর (ক্লাস প্রতিনিধি) সাব্বির আহমেদ সহপাঠীদের হয়ে ‘ক্লাস শেষ তোমরা যারা আসতে চাচ্ছিলে চলে আসো’ মর্মে নোটিশ দেওয়ায় ১ বছরের বহিষ্কার করার অভিযোগ ওঠেছে।
সাক্ষাৎকার না নেওয়ার অভিযোগ তুলেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বহিষ্কৃত তিন শিক্ষার্থী— সাদমান সাকিব ইরফান, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান ও শাহরিয়ার জুবায়ের ফাহিম। অন্যদিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন মো. মেহেদী হাসান ও মাহাথীর মোহাম্মদ জিসান।
এর আগে গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৬তম সিন্ডিকেট সভায় র্যাগিংয়ের ঘটনায় ট্যুরিজম বিভাগের সানি নেহালী ও সানাউল করিমকে দুই বছরের জন্য এবং অন্য ১৫ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
তদন্ত কমিটি গঠন:
গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং ভিজিল্যান্স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের স্বাক্ষরে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের র্যাগিংয়ের অভিযোগ তদন্তে একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় অধ্যাপক ড. মো. জালাল উদ্দিনকে। অন্য সদস্যরা হলেন অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মাহমুদা আক্তার এবং সদস্যসচিব মো. সালাউদ্দিন মোল্লা।
চিঠিতে উপ-কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় ক্ষেত্রে শাস্তির সুপারিশ প্রদানের অনুরোধ জানানো হয়েছিল। এর বিভাগ কর্তৃক প্রাথমিক তদন্ত করে রিপোর্ট জমা দেওয়া হয়।
এদিকে গত ১৫ আগস্ট অনুষ্ঠিত উপ-কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অভিযোগকারী ১৬ শিক্ষার্থীকে ১৭ আগস্ট এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অভিযোগের আওতায় থাকা ১০ শিক্ষার্থীসহ ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের আরও ১২ শিক্ষার্থীকে ১৮ আগস্ট সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। এছাড়া ১৯ আগস্ট বিভাগীয় তদন্ত কমিটির সঙ্গে উপ-কমিটির সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়। তবে বহিষ্কৃত তিন শিক্ষার্থীর দাবি, তাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়নি। এমনকি অভিযোগের বিষয়ে তাদের বক্তব্যও নেওয়া হয়নি।
যা বলছেন বহিষ্কৃত শিক্ষার্থীরা:
সাক্ষাৎকার না নেওয়ার অভিযোগ তুলে সাদমান সাকিব ইরফান বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেখানে আমাকে একবারের জন্যও জিজ্ঞাসাবাদ করা হয়নি। আমার বক্তব্য শোনা হয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি কিংবা অভিযোগের বিষয়ে আমার অবস্থান জানারও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। একজন অভিযুক্ত শিক্ষার্থীর বক্তব্য না শুনেই কীভাবে একটি তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলো এবং তার ভিত্তিতে কীভাবে এক বছরের মতো কঠোর শাস্তির সিদ্ধান্ত নেওয়া হলো, তা আমার কাছে অত্যন্ত প্রশ্নবিদ্ধ।
আরেক শিক্ষার্থী সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান বলেন, কেন, কোন যুক্তিতে এবং কীসের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা আজও আমার কাছে স্পষ্ট নয়। তদন্ত কমিটির পক্ষ থেকে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। অথচ শাস্তির আওতায় আনা হয়েছে। একটি ভুলের কারণে জীবনের একটি গুরুত্বপূর্ণ বছর হারিয়ে যাক, তা কখনোই চাই না। আমি আমার ভুলের দায় এড়িয়ে যেতে চাই না, শুধু ন্যায়বিচারের সুযোগটুকু চাই।
শিক্ষার্থী শাহরিয়ার জুবায়ের ফাহিম বলেন, ‘এর আগে আমাদের বিভাগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর বিভাগীয়ভাবে তদন্ত হয়, পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনও তদন্ত কার্যক্রম পরিচালনা করে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ও কষ্টের বিষয় হলো, তদন্ত কমিটি যাদের নামের তালিকা দিয়েছিল, সেই তালিকায় আমার নাম ছিল না। আমাকে কখনো জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি, আমার কাছে কোনো ব্যাখ্যাও চাওয়া হয়নি। এমনকি আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগটুকুও আমাকে দেওয়া হয়নি।
আমি শুধু চাই, আমার বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। আমাদের আপিল করার সুযোগ দেওয়া হোক। অন্তত একবার আমার কথাগুলো শোনা হোক। কারণ, আমিও একজন শিক্ষার্থী, আমারও স্বপ্ন আছে, ভবিষ্যৎ আছে।’
নবীন দুই শিক্ষার্থীও বহিষ্কারের তালিকায়:
২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাথীর মোহাম্মদ জিসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসার মাত্র ১১-১২ দিনের মাথায় র্যাগিং-সংক্রান্ত একটি ঘটনায় আমাকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে সংবাদমাধ্যমে আমাকে সিনিয়রদের সহযোগী হিসেবে উল্লেখ করা হয় এবং সর্বশেষ এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানতে পারি।
আমি স্পষ্টভাবে বলতে চাই, র্যাগিংয়ের কোনো কর্মকাণ্ডে আমি অংশগ্রহণ করিনি, কাউকে উৎসাহিত করিনি কিংবা কোনো সিনিয়রের সহযোগী হিসেবেও কাজ করিনি। আমি শুধু সহপাঠীদের বলেছিলাম, আমরা যেহেতু নতুন, তাই আগে সিনিয়রদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা যেতে পারে। আমার এই কথার উদ্দেশ্য কোনো অন্যায় আড়াল করা ছিল না। তদন্ত কমিটির সামনেও আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। অথচ আমার সেই কথার ভিন্ন ব্যাখ্যা দিয়ে আমাকে ঘটনার সঙ্গে সম্পৃক্
