চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন চবির সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

আপডেট: November 20, 2026 |
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মধ্যে যে অপার সম্ভাবনা রয়েছে, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও অ্যালামনাইদের মধ্যে মুক্ত আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে।

​১৮ নভেম্বর (বুধবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি তথা হীরক জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​অর্থমন্ত্রী বলেন, “একটি বিশ্ববিদ্যালয় শুধু পাঠদান ও ডিগ্রি অর্জনের প্রতিষ্ঠান নয়; এটি জ্ঞান সৃষ্টি, গবেষণা, উদ্ভাবন এবং দেশ ও সমাজের উন্নয়নে নেতৃত্ব দেওয়ার অন্যতম কেন্দ্র। তাই বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সম্পদ, মেধা ও সম্ভাবনাকে সমন্বিতভাবে কাজে লাগানো প্রয়োজন।”

তিনি চবির প্রাকৃতিক পরিবেশ, ভৌগোলিক অবস্থান, জীববৈচিত্র্য এবং বিশেষ করে সমুদ্রবিজ্ঞান (মেরিন সায়েন্স) ভিত্তিক গবেষণার বিপুল সুযোগকে কাজে লাগিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধির ওপর জোর দেন।

এছাড়া দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্বরত প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও সহযোগিতাকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার সংসদীয় আসনের অন্তর্ভুক্ত।

আমার মা-বাবা দুজনই এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ফলে চবির উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে আমার কেবল দায়িত্বের নয়, বরং ব্যক্তিগত আবেগ ও আত্মার সম্পর্ক জড়িয়ে রয়েছে।”

​প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যাতায়াত ব্যবস্থা এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন।

বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি জানিয়ে তিনি চবির যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

​চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আল্ ফোরকানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, চবির উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. সফিকুল ইসলাম।

​অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now