রাণীশংকৈলে পৈতৃক সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
২১ নভেম্বর (শনিবার) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার রাতোর ইউনিয়নের বাহের পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ২১ নভেম্বর (শনিবার) ভুক্তভোগী আব্দুল হাকিম বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ আরো ১০০/১৫০ জন অজ্ঞাত আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং জমির শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
অভিযুক্তরা হলেন, মো. আ. কাদের (৫০), মো. এনামুল হক (৪৭), মো. রমজান আলী (৩০), মো. ইয়াশিন আলী (৩২), মো. জয়নুল হক (৬০), মো. রেজাউল হক (৫৫), মো. শামসুল হক (৫৮), মো. আমিরুল হক (৫৬), মো. ইলিয়াশ আলী (৩২), মো. আ. হাকিম (৫০), মো. শাহাজত আলী (৪৫), মো. আনারুল ইসলাম (৬০), মো. হাফিজুল ইসলাম (৫০) এবং মো. ইসলাম (৪৮)। তারা সবাই ৭নং রাতোর ইউপির গরকতগাঁও এলাকার বাসিন্দা।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৭ নং রাতোর ইউনিয়নের ৯ ওয়ার্ডের গরকতগাঁও এলাকার বাসিন্দা আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে পৈতৃক সূত্রে প্রাপ্ত ওই জমি ভোগদখল করে আসছেন।
সম্প্রতি একই এলাকার আব্দুল কাদের গং ব্যক্তিরা ওই জমি নিজেদের দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এসময় বাধা দিতে গেলে বিবাদীরা ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী আব্দুল হাকিম বলেন, “বাহের পাড়া মৌজার ৪৪৪ দাগের, এস এ রেকর্ডিও ৩১ খতিয়ানের মালিক মফিজ উদ্দিন ও অফিল উদ্দিনের কাছ থেকে আমার বাবা ও চাচা ১৯৭১ সালে ৫৮ শতক জমির মধ্যে ৩৬ শতক জমি কবলা খরিদ করে।
পরবর্তীতে মাঠ জরিপের সময় আমাদের নামে মাঠপর্চা হয় এবং উক্ত মৌজার চুড়ান্ত প্রকাশনা শেষ করে গেজেট প্রকাশ পায়। আমাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তারা জোর করে জমিটি দখলে নেওয়ার পাঁয়তারা করছে।
তারা কিসের বলে জমিটি দাবি করছে তা জানতে চাইলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
তবে অভিযুক্ত পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, ভূমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত কাগজপত্র যাচাই করে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


