রাজবাড়ী জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব পেলেন মাহবুব শিকদার

বানারীপাড়া প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মাহবুব শিকদার।
২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঘোষিত কর্মসূচির আওতায় জেলা ও মহানগর পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের মধ্যে তাঁকে রাজবাড়ী জেলার দায়িত্ব প্রদান করা হয়েছে।
মাহবুব শিকদার বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সন্তান। তিনি ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক। কেন্দ্রীয় যুবদলে গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভের পর এবার রাজবাড়ী জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব পাওয়ায় তাঁর রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম বানারীপাড়া উপজেলার কোনো সন্তান কেন্দ্রীয় কমিটিতে সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা)র পদ লাভ করেন এবং যুবদলের সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পান।
মাহবুব শিকদারের এ দায়িত্বপ্রাপ্তির খবর ছড়িয়ে পড়ার পর বরিশালের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাঁর এ অর্জনকে বানারীপাড়ার রাজনৈতিক অঙ্গনের জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা।
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, মাহবুব শিকদারের পর্যবেক্ষণ ও দায়িত্ব পালনের মাধ্যমে রাজবাড়ী জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলীয় কর্মকাণ্ডে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।


