শিকাগোর প্রাণকেন্দ্রে খালেদা জিয়ার নামে সড়ক, নামফলক উন্মোচন

আপডেট: November 23, 2026 |
print news

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে। স্থানীয় সময় রোববার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিকাগো সিটির অ্যালডারম্যান (কাউন্সিলম্যান) গিলবার্ট ভিলেগাস আনুষ্ঠানিকভাবে এই নামফলক উন্মোচন করেন।

শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ারের (সাবেক সিয়ার্স টাওয়ার) কাছে আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নতুন নামকরণ করা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। উল্লেখ্য, বিশ্বখ্যাত এই উইলিস টাওয়ারের নকশা করেছিলেন বাংলাদেশের কৃতী সন্তান ও খ্যাতিমান স্থপতি এফ আর খান। তার নকশায় নির্মিত স্থাপনার পাশেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর নামে সড়কটির অবস্থান।

জানা গেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার রাজনৈতিক ও গণতান্ত্রিক অবদানকে স্মরণীয় করে রাখতে গত ২৩ সেপ্টেম্বর সড়কটির নামকরণের প্রস্তাব উত্থাপন করেন অ্যালডারম্যান গিলবার্ট ভিলেগাস। সেই প্রস্তাব অনুমোদনের পরই সড়কটির নতুন নামকরণ কার্যকর হলো।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, নিজের জীবন ও দীর্ঘ সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়া প্রমাণ করে গেছেন যে ক্ষমতা ক্ষণস্থায়ী হলেও আদর্শ, সততা, দেশপ্রেম ও আত্মত্যাগের মহিমা চিরকাল অম্লান থাকে। আর এ কারণেই তিনি বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে ‘দেশনেত্রী’ এবং ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন।

অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ এই উদ্যোগকে প্রবাসী বাংলাদেশি এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য এক ঐতিহাসিক গৌরবের মুহূর্ত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, শিকাগোর মতো বিশ্বখ্যাত একটি শহরে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ কেবল একজন মহান নেত্রীর প্রতি সম্মান প্রদর্শন নয়, বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম ও আত্মত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি।

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন, এক-এগারোর রাজনৈতিক সংকট এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে খালেদা জিয়াকে আপসহীন নেতৃত্বের প্রতীক উল্লেখ করে গিয়াস আহমেদ আরও বলেন, “গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি নিজের ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন, কারাবরণ করেছেন; কিন্তু কখনোই অন্যায় ও স্বৈরশাসনের সঙ্গে আপস করেননি।”

অনুষ্ঠানে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার আদর্শ ও আপসহীন সংগ্রাম আগামী প্রজন্মের কাছে সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শিকাগোতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।

Share Now