এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

আপডেট: November 23, 2026 |
print news

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় প্রকাশ করা হবে। পূর্বনির্ধারিত বেলা ১১টার সময় পরিবর্তন করে চার ঘণ্টা পিছিয়ে বিকেল ৩টা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকেল ৩টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে এই ফল প্রকাশ করা হবে।

শিক্ষার্থীরা তিনটি মাধ্যমে ফল জানতে পারবেন—নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট (eduboardresults.gov.bd) এবং পুনর্নিরীক্ষণের আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে।

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন।

এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে (৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি) এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বোর্ড (১ লাখ ১৭ হাজার ৭০০টি)। এছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোরে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লায় ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুরে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহে ৭১ হাজার ৭৬২টি, বরিশালে ৫৩ হাজার ৪০৯টি, সিলেটে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়, যাতে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন। মূল ফল প্রকাশের পর ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।

 

Share Now