নীরব মহামারি: অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে এখনই সতর্ক না হলে বিপদ অনিবার্য

আপডেট: November 23, 2026 |
print news

রাজেশ অধিকারী, উন্নয়ন কর্মী, বাংলাদেশ হেলথ ওয়াচ:  জ্বর, কাশি বা সামান্য সংক্রমণ হলেই আমাদের অনেকের প্রথম ভরসা অ্যান্টিবায়োটিক। চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে ওষুধ কেনা, দুই-তিন দিন ভালো লাগলে কোর্স অসমাপ্ত রেখে দেওয়া, কিংবা দরকার নেই জেনেও ‘একটু সাবধান থাকতে’ খেয়ে নেওয়া, এসব আমাদের সমাজে এখন প্রায় স্বাভাবিক ব্যাপার।

অথচ এই ‘স্বাভাবিক’ অভ্যাসই নিঃশব্দে এক ভয়াবহ সংকট তৈরি করছে, যার নাম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স (Antimicrobial Resistance বা AMR)।

বিষয়টা আমার কাছে শুধু তথ্য বা পরিসংখ্যান নয়। আমার আদরের কন্যাসন্তান সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হয়ে যখন এনআইসিইউতে ভর্তি, তখন সে জীবন-মৃত্যুর মাঝখানে।

ব্লাড কালচার রিপোর্টে দেখে জানালো, কুড়িটি অ্যান্টিবায়োটিকের মধ্যে মাত্র একটি তার ছোট্ট শরীরে কাজ করবে। সেই মুহূর্তের আতঙ্ক আজও ভাবলে রক্ত হিম হয়ে আসে।

আমার মেয়ে আমাদের কোলে ফিরে এসেছে, কিন্তু অ্যান্টিবায়োটিক ঠিকমতো কাজ না করায় তার শরীরে যে ক্ষতি হয়েছে, সম্ভবত তা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। এই ক্ষতির দায় নেওয়ার কেউ নেই।

আমাকে তাড়িয়ে বেড়ায় শুধু অপরাধবোধ, নিজের সন্তানকে একটা নিরাপদ পৃথিবী দিতে পারিনি বলে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে বৈশ্বিক জনস্বাস্থ্যের সবচেয়ে বড় হুমকিগুলোর একটি হিসেবে চিহ্নিত করেছে।

দ্য ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত গ্লোবাল রিসার্চ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (GRAM) প্রকল্পের সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, ২০২১ সালে ব্যাকটেরিয়াজনিত রেজিস্ট্যান্সের কারণে বিশ্বে সরাসরি প্রায় ১১ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

আর যেসব মৃত্যুতে রেজিস্ট্যান্স কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছে, সেই সংখ্যা ৪৭ লাখের বেশি। একই গবেষণার পূর্বাভাস, ব্যবস্থা না নিলে ২০২৫ থেকে ২০৫০ সালের মধ্যে এ কারণে সরাসরি মৃত্যু হবে ৩ কোটি ৯০ লাখেরও বেশি। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে দক্ষিণ এশিয়া, যার মধ্যে বাংলাদেশও আছে।

রেজিস্ট্যান্স আসলে কী? সহজ করে বললে, ব্যাকটেরিয়া যখন নিজেকে এমনভাবে বদলে ফেলে যে অ্যান্টিবায়োটিক আর তাকে দমন করতে পারে না, তখনই তাকে রেজিস্ট্যান্ট বলা হয়।

তখন যে সংক্রমণ আগে সহজেই সেরে যেত, তা হয়ে ওঠে দীর্ঘস্থায়ী, ব্যয়বহুল এবং অনেক সময় প্রাণঘাতী। সাধারণ অস্ত্রোপচার, সন্তান প্রসব কিংবা ক্যান্সারের চিকিৎসাও তখন বহুগুণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

বাংলাদেশে সমস্যাটা আরও গভীর। আমাদের দেশে প্রেসক্রিপশন ছাড়াই ফার্মেসিতে অ্যান্টিবায়োটিক মেলে, আর অনেকে ওষুধ খান দোকানির পরামর্শে। কখনো কখনো চিকিৎসকেরাও যথাযথ পরীক্ষা ছাড়াই ‘সেফ সাইডে’ থাকতে অ্যান্টিবায়োটিক লিখে দেন।

এর সঙ্গে আছে গবাদিপশু, হাঁস-মুরগি ও মাছ চাষে নির্বিচার ব্যবহার, যার প্রভাব খাদ্যশৃঙ্খল হয়ে শেষ পর্যন্ত মানুষের শরীরেই এসে পৌঁছায়।

সরকার এ বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা নিয়েছে এবং ‘ওয়ান হেলথ’ (One Health) দৃষ্টিভঙ্গির ওপর জোর দিচ্ছে। কিন্তু শুধু নীতিমালা দিয়ে এ সংকট ঠেকানো যাবে না।

দরকার সামাজিক আন্দোলন, আচরণের পরিবর্তন আর নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ। আর এখানেই বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ ও সিভিল সোসাইটি।

বাংলাদেশের তরুণেরা সংখ্যায় অনেক, উদ্যমে অদম্য, প্রযুক্তিতেও দক্ষ। শুরুটা হতে পারে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া দিয়ে। ফেসবুক, ইউটিউব বা টিকটকে সহজ ভাষায় বলা যায় রেজিস্ট্যান্সের ঝুঁকি কী, ওষুধ কীভাবে খেতে হয়, আর কোন ভুল ধারণাগুলো আমাদের বিপদে ফেলছে।

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ক্লাব, বিতর্ক সংগঠন বা স্বেচ্ছাসেবী দল আলোচনা সভা, পোস্টার কিংবা নাটকের মাধ্যমে বিষয়টি তুলে ধরতে পারে। সহপাঠীর মুখে শোনা কথা অনেক সময় বড়দের উপদেশের চেয়ে বেশি কাজ করে।

তবে তথ্য যেন শুধু শহরে আটকে না থাকে। গ্রাম বা ওয়ার্ড পর্যায়ে সচেতনতা সভা, স্থানীয় ফার্মেসির মালিক-কর্মীদের সঙ্গে খোলামেলা আলাপ, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যৌথ প্রচারণা, এসবের মাধ্যমে তরুণেরা বার্তাটা প্রান্তিক মানুষের কাছে নিয়ে যেতে পারে।

সিভিল সোসাইটির দায়িত্ব আরও কাঠামোগত। এনজিও, পেশাজীবী সংগঠন, গণমাধ্যম ও নাগরিক প্ল্যাটফর্মকে একসঙ্গে কাজ করতে হবে। প্রথম কাজ জবাবদিহি নিশ্চিত করা।

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নিষিদ্ধ করার নিয়ম কাগজে আছে, কিন্তু মাঠে তা কতটা মানা হচ্ছে, সেটা নজরে রাখা এবং এ নিয়ে জনমত তৈরি করা জরুরি। পাশাপাশি দরকার নির্ভরযোগ্য তথ্য।

দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের ধরন, রেজিস্ট্যান্সের হার আর ঝুঁকিপূর্ণ খাতগুলো নিয়ে নিয়মিত গবেষণা ও প্রতিবেদন প্রকাশিত হলে নীতিনির্ধারকেরা অনুমানের ওপর নয়, বাস্তবতার ওপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।

গণমাধ্যমের ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়। অনুসন্ধানী প্রতিবেদন, মানুষের গল্প আর তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে এ বিষয়টিকে আলোচনার কেন্দ্রে আনতে হবে।

রেজিস্ট্যান্স ‘দূরের সমস্যা’ নয়; এটি আজকের বাস্তব ঝুঁকি। একইভাবে চিকিৎসক, ফার্মাসিস্ট ও পশুচিকিৎসকদের পেশাগত সংগঠনগুলোকেও এ উদ্যোগে যুক্ত করতে হবে। তাঁদের প্রশিক্ষণ ও দায়িত্বশীল চর্চা নিশ্চিত না হলে এ লড়াইয়ে জেতা কঠিন।

আর শেষ পর্যন্ত পরিবর্তনটা শুরু হতে হবে আমাদের প্রত্যেকের নিজের জায়গা থেকে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক না খাওয়া, শুরু করলে পুরো কোর্স শেষ করা, অন্যের ওষুধ নিজে না খাওয়া, আর হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণ ঠেকানো, এই ছোট ছোট অভ্যাসই বড় পার্থক্য গড়ে দিতে পারে।

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হঠাৎ নেমে আসা কোনো দুর্যোগ নয়। এটি আমাদের দৈনন্দিন আচরণেরই ফল। তাই এর সমাধানও আমাদের সম্মিলিত দায়িত্ববোধের মধ্যেই আছে।

এখনই সতর্ক না হলে এমন দিন আসতে পারে, যখন একটা সাধারণ সংক্রমণও প্রাণ কেড়ে নেবে।
সময় এখনো আছে, তবে বেশি নেই।

আমার মেয়ের মতো আর কোনো শিশুকে যেন এই অসহায় লড়াইয়ে নামতে না হয়, সেই দায়িত্ব আমাদের সবার। তরুণ সমাজ ও সিভিল সোসাইটি যদি একসঙ্গে এগিয়ে আসলে, এই নীরব মহামারি ঠেকানো অসম্ভব নয়।

Share Now