স্বামী ও মেয়েসহ চিত্রনায়িকা জলি এখন ভৈরবে শ্বশুরবাড়িতে

চিত্রনায়িকা জলি করোনার কারণে কয়েক মাস ধরে ঘরবন্দি । সিনেমার শুটিং বা বিভিন্ন অনুষ্ঠান তো দূরে থাক, সোশ্যাল মিডিয়ায়ও দেখা মিলছিল না তার। অবশেষে জলি প্রকাশ্যে আসলেন সন্তান কোলে নিয়ে। হ্যা, ঠিকই পড়ছেন, মা হয়েছেন চিত্রনায়িকা জলি। গত ১৭ জুলাই রাজধানীর উত্তরার একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
তবে জলির মা হওয়ার বিষয়টি তার পরিবার-পরিজন ছাড়া তেমন কেউ জানতেন না। এমনকী ঢালিউডে তার সহকর্মীদেরও সেভাবে জানাননি। অবশেষে তিন মাস পরে স্বামী ও সন্তানের সঙ্গে তোলা দুটি ছবি ফেসবুকে পোস্ট করে জলি জানান দিলেন যে, তিনি মা হয়েছেন। নায়িকা তার মেয়ের নাম রেখেছেন সেহেমাত রহমান। বর্তমানে তিনি ভৈরবে শ্বশুরবাড়িতে রয়েছেন।
জলি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে মা হয়েছি। মেয়েকে নিয়ে এখন চমৎকার সময় কাটছে। এখন শ্বশুরবাড়িতে রয়েছি। আর সন্তান হওয়ার খবর কাউকে প্রথমে জানাতে চাইনি। ভেবেছি মেয়ে একটু বড় হোক তারপর সুখবরটি সবাইকে জানাবো। প্রত্যেক মেয়েই মা হওয়ার স্বপ্ন দেখে। আমি এই পৃথিবীতে সন্তান জন্ম দিতে পেরেছি, এর চেয়ে আনন্দের আর কিছু নেই আমার কাছে।’
মেয়ে এখন কেমন আছে? নায়িকা বলেন, ‘খুব ভালো। যত বড় হচ্ছে, মনে হয় যেন জোর করে সবার সঙ্গে কথা বলতে চায়। একলা একলা হাসে, খেলে। আমাদের ঘরটি ভরিয়ে রেখেছে। মা হতে পেরে সত্যিই আমি গর্বিত। নিজের কাছে খুব ভালো লাগছে। মা হওয়ার পর নিজের মধ্যে চঞ্চলতাও কমে গেছে। পরিবারের প্রতি ভালোবাসা বেড়েছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’
গত বছরের ১৯ মেয়ে জলির বিয়ের খবর প্রকাশ হয়। পাঁচ বছরের প্রেম শেষে বিয়ে। তবে সেসময় জলি বলেছিলেন, বিয়ে হয়নি আংটি বদল হয়েছে। সেই ঘটনার পর একেবারে মা হওয়ার খবর পাওয়া গেল। জলির স্বামী আরাফাত রহমান কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা। তিনি রাজধানীর ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসে (ইউল্যাব) ব্যাচেলর পড়ছেন, পাশাপাশি বাবার ব্যবসা দেখাশোনা করেন।
প্রসঙ্গত, ‘অঙ্গার, ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিগুলোতে অভিনয় করে দর্শক মহলে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন চিত্রনায়িকা জলি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ডেঞ্জার জোন’ নামে একটি ছবি। এখানে তার নায়ক বাপ্পী চৌধুরী। আগামী বছর মুক্তি পাওয়ার কথা এই ছবি। এছাড়া নিরবের বিপরীতে ‘অফিসার রিটার্ন’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ আছেন জলি।
বৈশাখী নিউজ/ বিসি



















