ঈদে নতুন জামা না পেয়ে কিশোরীর আত্মহত্যা

নোয়াখালীর সুবর্ণচরে ঈদে নতুন জামা না পেয়ে বাবার ওপর অভিমান করে এক কিশোরী আত্মহত্যার খবর পাওয়া গেছে। নুর নাহার আক্তার ফারহানা (১৩) নামের ওই কিশোরী স্থানীয় হাজী মোশারেফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
সে উপজেলার চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরমজিদ গ্রামের মো: সাহাব উদ্দিনের মেয়ে।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল হক।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফারহানা ঈদে তাকে নতুন জামার জন্য বায়না ধরে বাবার কাছে। কিন্তু কিছুদিন আগে তাকে নতুন জামা কিনে দেয়ায় পুনরায় নতুন জামা দিতে অস্বীকৃতি জানান বাবা। এতে সে বাবার ওপর অভিমান করে পরিবারের সদস্যদের অজান্তে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরে পরিবারের সদস্যরা তাকে একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




