মাদারীপুরে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা ও লুটপাট

আপডেট: April 23, 2023 |
inbound6804026560344961293
print news

গাউছ-উর রহমান, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চারটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।

সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান গত শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদী বাজিতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় বাধা দিলে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের কোপ ও লাঠির আঘাতে নারীসহ অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে ৫ জনের নাম-পরিচয় জানা গেছে।
তারা হলেন- ওই এলাকার মোকসেদ হাওলাদারের ছেলে রফিকুল হাওলাদার, আলম হাওলাদারের ছেলে কালু হাওলাদার, আলমগীর সরদারের ছেলে সৌরভ সরদার, আমিন হাওলাদারের মেয়ে সোমেলা বেগম ও আমিন হাওলাদারের ছেলে খলিল হাওলাদার।

রফিকুল হাওলাদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদের জেলা সদর হাসপাতাল ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে একটি বাড়ির মালিক রুহুল আমিন সরদার বলেন, “সামছু ফকির আমার চাচাতো ভাই আজিজুল সরদারের কাছ থেকে কিছুদিন আগে ২১ শতাংশ জমি কিনেন।

কিন্তু তিনি তার কেনা জমিতে না গিয়ে আমাদের বাড়ির জমি দখল করার উদ্দেশ্যে হামলা চালায়। তারা আমাদের বাড়িঘরে লুটপাট করে নগদসহ ১৫ লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আমরা এর বিচার চাই।”

এ সময় আরও কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয় বলে জানান রুহুল আমিন।

কিরণ সরদার নামের এক ব্যক্তি বলেন, “সামছু তার কেনা সম্পত্তি না নিয়ে আমাদের বাড়ির জায়গা জোর করে দখল নিতে চান।

এতে বাধা দিলে তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমরা আইনের কাছে এ ঘটনার বিচার চাই।”

ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, “ঘটনাস্থল থেকে সামছু ফকিরসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share Now