নগরকান্দায় ঘরের মেঝেতে গৃহবধূর লাশ, স্বজনদের দাবি হত্যা
আপডেট: June 1, 2023
|

তারেকুজ্জামান,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় ঘরের মেঝেতে রহস্যজনক অবস্থায় পড়ে থাকা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়নের বাস্তপট্টি গ্রামে স্বামীর ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম হাসিনা বেগম (২৫)। সে বাস্তপট্টি গ্রামের ফরহাদ মোল্লার স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটতে পারে। তবে এটিকে হত্যাকান্ড হিসেবে অভিযোগ করছে নিহতের স্বজনরা।
নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা তদন্তের পরে জানা যাবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




