ডিমের দাম নিয়ন্ত্রণে না এলে প্রয়োজনে আমদানি: বাণিজ্যমন্ত্রী

আপডেট: August 13, 2023 |
inbound2102315290852904494
print news

ডিমের দাম নিয়ন্ত্রণে না এলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আমদানির অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (১৩ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে ডিমের দাম কত হবে তা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নির্ধারণ করে দিতে পারে।

পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে অভিযান চালিয়ে তা নিয়ন্ত্রণ করা হবে। ডিমের বাজার হঠাৎ অস্থিতিশীল।

ফলে ভোক্তা অধিকার রাত-দিন রাজধানীর বিভিন্ন আড়তে অভিযান চালাচ্ছে। সেই সঙ্গে জরিমানা করছে।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় চাইলেই ডিম আমদানি করতে পারবে না। সেক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আমদানি অনুমতি লাগবে।

তাদের সহযোগিতা ছাড়া আমদানি করার সুযোগ নেই। আমার আশা শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গ্রিন সিগন্যাল দিলেই ডিম আমদানির উদ্যোগ নেয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিপু মুনশি জানান, আন্তর্জাতিক বাজার থেকে চিনি আমদানি করা হয়। এছাড়া স্থানীয় মার্কেট থেকে ক্রয় করা হয়।

কারণ, অনেক সময় দেশে পৌঁছাতে দেরি হয়। আবার জাহাজ বন্দরে এলে নানা জটিলতায় খালাসে সময় লাগে। এতে চাহিদা অনুযায়ী সরবরাহ করতে বেগ পেতে হয়।

যে কারণে বিশ্ববাজারের পাশাপাশি স্থানীয় বাজার থেকে চিনি ক্রয় করা হয়ে থাকে।

ভারত থেকে কোটায় নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী জানান, চলতি মাসেই তিনি ভারত সফরে যাবেন।

সেদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সেসময় এই ব্যাপারে একটি সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরও বলেন, টিসিবি ১ কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারের মাঝে ডাল, চিনি ও তেল দিচ্ছে।

পাশাপাশি গত মাস থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চাল দেয়া শুরু করেছে। গরিব মানুষ কষ্টে থাকুক শেখ হাসিনা এটা কখনও চান না।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

এসময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর