নাটোরে ধর্ষন মামলায় সাবেক ইউপি সদস্যের যাবজ্জীবন

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষন সহ পৃথক দুটি ধারায় সাইফুল ইসলাম নামে এক সাবেক ইউপি সদস্যকে যাবজ্জীবন সহ ১৪ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।
একই সাথে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দিয়েছেন।
দন্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের ওয়ার্ড সদস্য।
আদালত ও মামলার সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১৮ অক্টোবর বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের প্রতিবেশী চাচা তৎকালীন ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বামী পরিত্যাক্তা ভিকটিমকে গার্মেন্টস কারখানায় চাকরী দেওয়ার প্রলোভন দিয়ে ঢাকায় নিয়ে যায়।
সেখানে তারা একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে রাত্রি যাপন করে। রাত্রি যাপন কালে সাইফুল ইসলাম ভিকটিমকে জোর করে ধর্ষণ করে।
পরে চাকরি খোঁজার নাম করে সেখান থেকে পালিয়ে যায় সাইফুল ইসলাম। এই ঘটনায় ভিকটিম বাড়িতে ফিরে এসে ২০ অক্টোবর নিজে বাদী হয়ে সাইফুল ইসলামের বিরুদ্ধে পৃথক দুটি ধারায় মামলা দায়ের করেন।
মামলার ২০ বছর পর আদালত একটি ধারায় সাইফুলকে যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং অপর একটি ধারায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
নাটোর জজ কোর্টের পিপি আনিসুর রহমান জানান, দন্ডপ্রাপ্ত সাইল ইসলামের যাবজ্জীবন কারাদন্ড শেষ হওয়ার পর ১৪ বছরের সশ্রম কারাদন্ড শুরু হবে বলে বিচারক আদেশ দিয়েছেন। এছাড়া জরিমানার ৩০ হাজার টাকা ভিকটিম পাবে।




















