ফ্রেন্ডস খ্যাত মার্কিন অভিনেতা ম্যাথু পেরি আর নেই

আপডেট: October 29, 2023 |
boishakhinews 77
print news

নব্বইয়ের দশকে জনপ্রিয় টেলিভিশন শো ‘ফ্রেন্ডস’ খ্যাত মার্কিন অভিনেতা ম্যাথু পেরি মারা গেছেন। গতকাল শনিবার লস অ্যাঞ্জেলেসের অ্যাপার্টমেন্ট থেকে ৫৪ বছর বয়সী অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়। অভিনেতা পেরি তার বাসার বাথটাবে ডুবে মারা গেছেন বলে ধারণা করছে লস অ্যাঞ্জেলেসের পুলিশ।

সংবাদসংস্থা বিবিসি তার প্রতিবেদনে জানিয়েছে, লস অ্যাঞ্জেলসের বাড়ির বাথটাব থেকে পেরির নিথর দেহ উদ্ধার করা হয়।

ঘটনা স্থলে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা করছে, বাসার বাথটাবের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ফ্রেন্ডস প্রযোজনাকারী ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশন এক শোকবার্তায় বলেছে, ‘আমাদের প্রিয় বন্ধু ম্যাথু পেরির মৃত্যুতে আমরা মর্মাহত।

তিনি একজন প্রতিভাধর অভিনেতা এবং ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশন গ্রুপ পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ ছিলেন।’
‘ফ্রেন্ডস’-এর প্রধান ছয় চরিত্রের অন্যতম ছিল চ্যান্ডলার বিং। তার কৌতুকাভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক। বিশেষ করে মনিকা ও জোয়ির সঙ্গে চ্যান্ডলারের সমীকরণ এখনো মনে রেখেছে দর্শক।

ফ্রেন্ডসের একটি দৃশ্যে কোর্টেনি কক্স, জেনিফার অ্যানিস্টন এবং ম্যাথু পেরি
১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রচারিত সিরিজটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে এর শেষ পর্বটি যুক্তরাষ্ট্রের ৫২.৫ মিলিয়ন দর্শক উপভোগ করেছিল। এটি ২০০০ দশকে দর্শকদের সবচেয়ে বেশি দেখা টিভি পর্বে পরিণত হয়েছিল।

১৯৭৯ সালে কপ শো ‘২৪০ রবার্ট’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে শোবিজে পেরির পথচলা শুরু হয়। এরপর টিভিতে ছোটখাটো চরিত্রে কাজ করার ডাকও পেতে থাকেন।

১৯৮৭ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ‘বয়েজ উইল বি বয়েজ’-এ চ্যাজ রাসেল চরিত্রে অভিনয় তাঁকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেয়। আর তারপর আসে ‘ফ্রেন্ডস’-এ অভিনয়ের সুযোগ। মাঝে ‘গ্রোয়িং পেইনস’ ও ‘সিডনি’র মতো সিরিজগুলোতেও তাঁকে দেখা গিয়েছিল।
ম্যাথু পেরি ১৯৬৯ সালের ১৯ আগস্ট ম্যাসাচুসেটসের উইলিয়ামস টাউনে জন্মগ্রহণ করেন। কানাডার অটোয়ায় তিনি বেড়ে ওঠেন এবং সেখানে থাকাকালীন কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রাইমারি স্কুলে পড়াশোনাও করেন পেরি। তাঁর মা সুজান মরিসন ছিলেন সাংবাদিক ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর প্রেস সেক্রেটারি।

 

Share Now

এই বিভাগের আরও খবর