হরতালে সিএনজি-রিকশার দখলে সড়ক, সাধারণের ভোগান্তি

ফেনী জেলা প্রতিনিধি: আজ সারাদেশে বিএনপি এবং জামায়াতের ডাকে হরতাল চলছে। সকাল থেকে ফেনীতে গণপরিবহন চলাচল কম থাকলেও স্বাভাবিক ছিল সিএনজি-রিকশা চলাচল।
গণপরিবহন না পেয়ে নিরুপায় হয়ে অফিসমুখী ও বিভিন্ন গন্তব্যের মানুষজনকে বাড়তি ভাড়া দিয়ে সিএনজি-রিকশায় যাতায়াত করতে হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে ফেনীর অন্যতম প্রবেশদ্বার মহিপাল এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ফেনী থেকে দূরপাল্লার সবধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।
মহাসড়কে অনেকক্ষণ বিরতি দিয়ে দুয়েকটি গণপরিবহন বাস আসতেই তাতে উঠতে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছে।
মোহাম্মদ আবদুর রহিম নামে অফিসগামী এক যাত্রী বলেন, হরতালের কারণে অনেকক্ষণ অপেক্ষা করেও বাস পাইনি। দ্বিগুণ ভাড়া দিয়ে একটি সিএনজি অটোরিকশা নিয়ে অফিসে যাচ্ছি।
সেলিনা নামে এক ব্যাংক কর্মকর্তা বলেন, সড়কে গণপরিবহন না থাকায় একপ্রকার সিএনজি চালকদের কাছে জিম্মি যাত্রীরা। সপ্তাহের প্রথম কর্মদিবসে জনজীবনে ভোগান্তি চরমে।
সিএনজি অটোরিকশা চালক ইব্রাহীম বলেন, সকাল থেকেই যাত্রীদের অনেক ভিড়। রিকশা চলাচলে এখন পর্যন্ত কোথাও কেউ বাধা দেয়নি।
স্টার লাইন পরিবহনের ভাইস চেয়ারম্যান ও পরিবহন নেতা জাফর উদ্দিন বলেন, পরিস্থিতি বুঝে বেলা বাড়ার সঙ্গে বাস চলাচলের সম্ভাবনা রয়েছে।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ বলছে, জনগণের জানমালের নিরাপত্তা দিতে মাঠে রয়েছে তারা। এতে কেউ যদি নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।




