ফেনীতে ঢিলেঢালা হরতাল, আটক:৩

আপডেট: October 29, 2023 |
inbound3043526580057711310
print news

ফেনী জেলা প্রতিনিধি: ফেনীতে ঢিলেঢালা ভাবেই শেষ হল বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।

সকাল থেকে সড়কে গণপরিবহন কম থাকলেও স্বাভাবিক ছিল সিএনজি-রিকশাসহ ব্যক্তিগত গাড়ি চলাচল।

হরতাল সমর্থনে কোন তৎপরতা দেখা যায়নি বিএনপি-জামায়াতের। তবে এদিন ফেনীর মহিপাল বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে অনেকক্ষণ বিরতি দিয়ে দুয়েকটি গণপরিবহন বাস আসলে তাতে উঠতে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছে। তবে অভিযোগ ছিল বাড়তি ভাড়া আদায়ের।

দেশের শীর্ষ দুই রাজনৈতিক দল হরতালের ডাক দিলেও ফেনীতে দলীয় নেতাকর্মীদের কোন তৎপরতা দেখা যায়নি।

দুপুর ১২টার দিকে হরতালের সমর্থনে শহরের তাকিয়া রোডে কয়েকজন নেতাকর্মী নিয়ে মিছিল করেছে বিএনপি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী।

জেলা পুলিশ সূত্র জানায়, হরতালে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করায় ফেনী সদর ও ছাগলনাইয়া থেকে ৩ জনকে আটক করা হয়েছে।

এতে ফেনী-সোনাইমুড়ী সড়কের বিরলী এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে যানচলাচলে বাধা সৃষ্টি করায় সাকিব নামে একজনকে আটক করা হয়েছে।

সে পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুর এলাকার আবুল কালামের ছেলে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় উপজেলার চাঁদগাজী বাজারে গাড়ি ভাংচুর করে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে আরিফ (৩৪) এবং জাকির হোসেন (২৫) নামে ২জনকে আটক করেছে পুলিশ।

তাদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢিলেঢালা হরতাল পালন প্রসঙ্গে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, আমাদের নেতাকর্মীরা ঢাকায় অবস্থান করছে। পুলিশ নানাভাবে হয়রানি করছে। তারপরও একটি মিছিল করা হয়েছে।

এদিন হরতালের ডাক দিলেও মাঠে ছিলো না জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ প্রসঙ্গে সংগঠনের ফেনী জেলার সেক্রেটারি মাওলানা মুফতি হান্নান বলেন, কর্মসূচির বিষয়ে আমি অবগত না।

আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন বলেন, দূরপাল্লার যাত্রী না থাকায় বাস চলাচল বন্ধ ছিল। রাত থেকে স্বাভাবিক ভাবে স্ট্যান্ড থেকে সব রুটে বাস ছেড়ে যাবে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের পাশাপাশি র‍্যাব ও আনসার বাহিনী মাঠে ছিল। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে আটক বা হয়রানি করা হচ্ছেনা।

Share Now

এই বিভাগের আরও খবর