ফরিদপুরে যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব খান মোঃ নইম এর সভাপতিত্বে আজ বুধবার সকাল পৌনে দশটায় একটি যুব র্যালি হয়,
এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পরবর্তীতে যুব ঋণের চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদুল হোসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর জেলা স্কুলের শিক্ষক আবু বকর আহমেদ, উদ্যোক্তা আলেয়া বেগম, তামান্না মুসলিম মীরা, সংস্কার সমাজকল্যাণ এর কর্মকর্তা সানজাত উর রহমান বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দেশের যুব সমাজকে বোঝা মনে না করে জনসম্পদে পরিণত করার আহ্বান জানান।
তারা যুব সমাজকে শুধু চাকুরির পেছনে না ঘুরে বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে জনসম্পদে পরিণত হওয়া ও উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।
মাদকের করাল গ্রাস হতে যুব সমাজকে মুক্ত রাখতে খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক কাজকর্মে লিপ্ত থাকার কথা বলেন।
আলোচনা সভা শেষে যুবকদের মাঝে চৌদ্দ লক্ষ বিশ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এছাড়া ফরিদপুর জেলায় ১৩১ জনকে ৭৩ লক্ষ ৭৫ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।














