অস্বাস্থ্যকর বায়ুতে আজ ঢাকা সপ্তম, শীর্ষে লাহোর

আপডেট: November 27, 2023 |
inbound6685540398750641339
print news

বায়ুদূষণ নিয়ে স্বস্তির খবর নেই রাজধানীবাসীর। ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ১৬৭, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

এদিন বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। আর সবচেয়ে ভয়াবহ দূষণের কবলে রয়েছে পাকিস্তানের লাহোর শহর।

বায়ুদূষণের একিউআই স্কোর ৩৭৮ নিয়ে তালিকায় শীর্ষে লাহোর। ভারতের রাজধানী দিল্লি ৩১০ স্কোর নিয়ে রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে।

২৯২ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে দেশটির আরেক শহর কলকাতা। চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের শহর করাচি। শহরটির একিউআই স্কোর ২৭০।

এছাড়া ১৮২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় শহর, ষষ্ঠ অবস্থানে থাকা কুয়েতের কুয়েত সিটির স্কোর ১৬৯।

বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।

বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাঁদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা, জটিল রোগে ভোগা ব্যক্তিরা।

তাঁদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়।

৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। ঢাকায় গত জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী।

জানুয়ারির মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।

Share Now

এই বিভাগের আরও খবর