প্রথম দিন অফিসে সাংবাদিকদের এড়িয়ে গেলেন রেলমন্ত্রী

নতুন মন্ত্রি সভার শপথের পর রবিবার সকাল থেকেই দেশের প্রশাসনিক সদর দপ্তর সচিবালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীদের দপ্তরে অফিস করছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রিরা। তবে ব্যতিক্রম প্রথমবারের মতো মন্ত্রণালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত রেলমন্ত্রী জিল্লুল হাকিম। প্রথমদিন অফিসে এসেই সাংবাদিকদের এড়িয়ে গেলেন।
রবিবার (১৪ জানুয়ারি) সকাল ১২ টা ১০ মিনিটে রেল ভবনে আসেন জিল্লুল হাকিম। এ সময় সাংবাদিকেরা তার কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো কথা বলেনি তিনি। সাংবাদিকদের এড়িয়ে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা আর শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন।
পরবর্তীতে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ উদ দৌলা খান সাংবাদিকদেরকে সভাকক্ষে বসতে বললেও দীর্ঘ সময় পরেও মন্ত্রী আর সাংবাদিকদের সঙ্গে দেখা করেন নি।
এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ উদ দৌলা খান বলেন, মন্ত্রী মহোদয় বরণ অনুষ্ঠানে আছেন। অফিস করছেন না।
এদিকে এ বিষয়ে রেলমন্ত্রী জিল্লুল হাকিমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
তবে রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শাকের জামানের মোবাইলে কল দিয়ে সাংবাদিকদের অপেক্ষা করার কথা জানালে তিনিও উত্তেজিত হয়ে জানান তারা মিটিংয়ে আছেন।
এর আগে শনিবার(১৩ জানুয়ারী) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান রোববার(১৪) সকাল ১১ টায় মন্ত্রী কথা বলবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন।
এর আগে দাদ্বশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান জিল্লুল হাকিম।
জিল্লুল হাকিম রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি। মোট ৬ বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের প্রথম নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। পরেরবার ২০০১ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী নাসিরুল হক সাবুর কাছে হেরে যান তিনি। পরে ২০০৮ সালের নির্বাচনে বিএনপির নাসিরুল হক সাবুকে পরাজিত করে ফের সংসদ সদস্য নির্বাচিত হন।
এ ছাড়া ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।













