সিংগাইরে কুদ্দুস হত্যা; ১৫ জনকে আসামি করে মামলা, দুই দারোগা ক্লোজ

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুরে ৩ প্রতিবন্ধী সন্তানের বাবা আব্দুল কুদ্দুস হত্যার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহত কুদ্দুসের স্ত্রী শিউলি বাদী হয়ে আবু কালামকে প্রধান আসামী করে রোববার (৪ ফেব্রুয়ারি ) দিবাগত রাতে এ মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামী উপজেলা আওয়ামীলীগের সদস্য। এছাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, সাংগঠনিক সম্পাদক ফিরোজ ও মামলায় আসামী ।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে শান্তিপুর (বাঘুলি) তদন্ত কেন্দ্রের ২ দারোগা এসআই আব্দুস সালাম মিয়া ও এএসআই আব্দুল আজিজকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো জানান, এজাহারভুক্ত আসামী হারুন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাকী আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত আছে। আলামত হিসেবে হত্যাকান্ডে ব্যবহৃত দা ও রক্তমাখা জামা কাপড় উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে ওই এলাকায় দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’দফা সংঘর্ষে কয়েকজন আহত হন।
এদের মধ্যে আব্দুল কুদ্দুস (৫২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় পৃথক দু’টি মামলা হয়।
নিহত কুদ্দুস উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত মিনাজ উদ্দিনের পুত্র। পেশায় তিনি একজন বাঁশ ও কাঠ ব্যবসায়ী ।
এদিকে, সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার গোলাম আজাদ খান ও রোববার বিকেলে স্থানীয় সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতের পরিবারে বইছে মাতম।
