সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের অবরোধ, রয়েছে পুলিশ-ছাত্রলীগও

আপডেট: August 2, 2024 |
inbound8158765236236547357
print news

রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় সায়েন্সল্যাব মোড়ের পাশে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের সদস্যরাও।

শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর বেলা ২টা ৪০ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় তারা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা।

এদিকে, আন্দোলনকারীদের মিছিলের ঘোষণায় আজ জুমার নামাজের আগেই সায়েন্স ল্যাব এলাকায় পুলিশের গাড়ি ও সাঁজোয়া যানের অবস্থান দেখা যায়। ধানমন্ডির স্টার হোটেলের সামনে দেখা যায় বিজিবির একটি গাড়ি। তবে তাদের সহনশীল অবস্থায় থাকতে দেখা গেছে। নিউ মার্কেটের গাউছিয়ায় অবস্থান নিয়েছে ছাত্রলীগ নেতা কর্মীরা।

সরেজমিনে সায়েন্সল্যাব মোড় ঘুরে দেখা গেছে, বেলা ১টা ৫০ মিনিটের দিকে জুমার নামাজের পর সায়েন্স ল্যাব মোড়ের বায়তুল মামুর জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। আগে থেকেই সেখানে পুলিশ থাকলেও তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি।

মিছিলটি কিছুক্ষণ সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করে। সেখানে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়। সেখান থেকে মিছিল নিয়ে মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে গিয়ে কয়েক মিনিট স্লোগান দেন আন্দোলনকারীরা।

এরপর আবার সেখান থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ের দিকে আসেন আন্দোলনকারীরা। এ সময় বায়তুল মামুর মসজিদের সামনে থাকা বিপুলসংখ্যক পুলিশকে লক্ষ্য করে তারা ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দেন। অবশ্য পুলিশ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পুলিশের সামনে দিয়েই মিছিলটি সায়েন্স ল্যাব মোড়ে আসে। আন্দোলনকারীরা নানা স্লোগান দেন।

বেলা আড়াইটার দিকে সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা সিটি কলেজের দিকে যান। মিছিলটি ২টা ৪০ মিনিটে আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে আসে। তারা সমস্বরে ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিচ্ছেন। আন্দোলনকারীদের অবস্থানের কারণে এই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর