ফের জামায়াতে সোলায়মান চৌধুরী

আমার বাংলাদেশ পার্টি (এবি) তার মূলনীতি থেকে সরে গেছে দাবি করে দলটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপদেষ্টা এ এফ এম সোলায়মান চৌধুরী পদত্যাগ করে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সহযোগী সদস্য পদে ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলটিতে ফেরেন অবসরপ্রাপ্ত এ সচিব।
এর আগে বৃহস্পতিবার রাতে ফেইসবুক পেইজ বাংলা পোস্টের লাইভে এসে এবি পার্টি থেকে সরে যাওয়ার ঘোষণা দেন সোলায়মান চৌধুরী।
তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার— এই তিন মূলনীতি নিয়ে ২০২০ সালের ২ মে এবি পার্টি আত্মপ্রকাশ করে।
এরপর নিবন্ধনের সব শর্ত পূরণ করেও নির্বাচন কমিশন নিবন্ধন দেয়নি। আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর তার নামে এবি পার্টি নিবন্ধন পায়।
গত ১১ জানুয়ারি দলটির প্রথম জাতীয় কাউন্সিলে চেয়ারম্যান নির্বাচিত হন মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। জেনারেল সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আসাদুজ্জামান ফুয়াদ।
এবি পার্টি ছাড়ার প্রকাশ্য ঘোষণায় সাবেক আমলা সোলায়মান চৌধুরী বলেন, যে মহান ব্রত নিয়ে আমরা এবি পার্টি গঠন করেছি, তার কিছুই এখন হচ্ছে না। এবি পার্টি এখন ঢাকাকেন্দ্রিক একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
দেশের কোথাও জনসম্পৃক্ততা নাই। বরং দিন দিন এবি পার্টি বিভিন্ন জেলার নেতৃবৃন্দ পদত্যাগ করে এবি পার্টি ছেড়ে চলে যাচ্ছেন।
অর্থাৎ এবি পার্টি যে মানুষের সেবা করবে, মানুষের অধিকার নিয়ে কাজ করবে, মানুষের সমস্যার সমাধান করবে- সেই থেকে এবি পার্টি অনেক দূরে সরে গেছে। এবং আমাকে কেবলমাত্র নামকাওয়াস্তেই উপদেষ্টা রাখা হয়েছে। বাস্তবে উপদেশ চাইলে উপদেশ দেওয়া যায়, না চাইলে তো আর উপদেশ দেওয়া যায় না।
তিনি বলেন, অতএব আমি মনস্থির করেছি যে, এই পার্টি যে অঙ্গীকার করে নতুন দলের আত্মপ্রকাশ ঘটিয়েছে আমার মাধ্যমে, তার ছিটেফোটাও এখন এই দলের মধ্যে নেই।
তারা এই কাজের মধ্যে নেই। তারা এখন অন্য কাজে ব্যস্ত; এমন দলে থাকার চাইতে না থাকায় শ্রেয় বলে মনে করেছি এবং মনে করে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি এবং পদত্যাগও করেছি।
আমি এবি পার্টির সকল পদ ত্যাগ করেছি মর্মে এবি পার্টির বর্তমান চেয়ারম্যানকে লিখিতভাবে অবহিত করেছি।
আমি এখন চিন্তা করছি নতুন কোন রাজনৈতিক দল, বিশেষ করে আমার পুরনো দল জামায়াতে ইসলামীতে আবার ফিরে যাব।
ফেইসবুক লাইভে সোলায়মান চৌধুরী বলেন, এরই মধ্যে জামায়াতে ইসলামীর মুহতারাম, আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের সঙ্গে আমার প্রাথমিক কথাবার্তা হয়েছে।
তিনিই প্রাথমিকভাবে আমাকে স্বাগত জানিয়েছেন এবং আমি উনার সামনে আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিয়েছি যে, আমি আবার জামায়াতে ইসলামীতে দোগদান করব। এখন কেবল মাত্র লিখিত আনুষ্ঠানিকতা বাকি আছে।
এর কয়েক ঘণ্টা বাদে ওই রাতেই তিনি ফেইসবুক পোস্টে লেখেনে, সদ্য এবি পার্টি ত্যাগ করেছি। আবার আল্লাহর নাম নিয়ে জামায়াতে এলাম। আল্লাহ আমাকে সাহায্য করুন।

















