সালমান শাহ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভক্তদের মানববন্ধন

সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করতে যাচ্ছেন সালমান শাহ ভক্তরা।
শনিবার (১ নভেম্বর) দুপুর আড়াইটায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের জন্য শত শত সালমান ভক্ত হাজির হন। এ সময় তাদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন দেখা যায়। এসবে লেখা রয়েছে সালমান হত্যার বিচার চাই, আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হোক ইত্যাদি।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর একে একে থানা-পুলিশ, সিআইডি, র্যাব, পিবিআইসহ একাধিক সংস্থা তদন্ত চালায়। সব প্রতিবেদনেই ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও সালমানের পরিবারের আপত্তিতে প্রতিবারই তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়।
মাত্র ২৫ বছরের জীবনে সালমান শাহ ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন—সব কটিই ছিল বাণিজ্যিকভাবে সফল।
নব্বইয়ের দশকে দেশের চলচ্চিত্রে রোমান্টিক হিরোর নতুন ধারা শুরু হয় তাঁর হাত ধরে। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেমযুদ্ধ’সহ তাঁর প্রতিটি সিনেমাই বক্স অফিসে হিট হয়।





















