জাবিতে এনসিআই এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ন্যাচার ফেস্ট-২০২৫

আপডেট: November 1, 2025 |
inbound5590780622480144400
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: তরুণদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ভিত্তিক পরিবেশবাদী সংগঠন ন্যাচার কনজারভেশন ইনিশিয়েটিভ (এনসিআই) এর উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দিনব্যাপী ন্যাচার ফেস্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১লা নভেম্বর) এনভোলিড এবং জিআরএম কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল যমুনা টেলিভিশন।

দিনের শুরুতে উদ্বোধনী অনুষ্ঠান, বৃক্ষরোপণ ও নামফলক স্থাপন অনুষ্ঠিত হয়, যা মূলত পরিবেশ সংরক্ষণের একটি প্রতীক হিসেবে গুরুত্ব বহন করে।

এরপর শিশুদের জন্য আঁকা প্রতিযোগিতা, ফটো এক্সিবিশন, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশবান্ধব উদ্ভাবন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বিকেলের পর অংশগ্রহণকারীরা পোস্টার প্রেজেন্টেশন ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে তাদের জ্ঞান প্রদর্শন করেছেন।

দিনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল ট্রেজার হান্ট, যেখানে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসজুড়ে ক্লু অনুসন্ধানে মেতে উঠেছেন।

অনুষ্ঠান শেষ হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার মাধমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।

এছাড়া বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন অধ্যাপক ড. সোহেল আহমেদ (উপ-উপাচার্য প্রশাসন), অধ্যাপক ড. মোহাম্মদ মনোয়ার হোসেন (প্রধান উপদেষ্টা, এনসিআই), অধ্যাপক মোঃ জামাল উদ্দিন (উপদেষ্টা, এনসিআই), এনভোলিডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোরশেদুল বারী, আব্দুল হামিদ (সভাপতি, জিআরএম), মোঃ আবু রাহাত (এক্সিকিউটিভ অফিসার, এনভোলিড), ফাতিন ইদরাক (সভাপতি, এনসিআই) এবং পূর্ণিমা কবীর (সাধারণ সম্পাদক, এনসিআই)।

উল্লেখ্য, এই অনুষ্ঠানের মাধ্যমে, তরুণ প্রজন্মকে পরিবেশের প্রতি আরও সচেতন এবং দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করার পাশাপাশি টেকসই ভবিষ্যতের পথ প্রশস্ত করতে ভূমিকা রাখার সুযোগ তৈরি করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর