বগুড়ায় জালনোটসহ তিন কিশোর আটক

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় জালটাকার নোটসহ তিন কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
১২ নভেম্বর (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া জেলা শহরের আলতাফুন্নেছা খেলার মাঠের দক্ষিল পাশ থেকে জালনোটসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃত কিশোররা হলো- নবম শ্রেণিতে পড়ুয়া মো. সেলিম (১৬), মো. বিপ্লব (১৬) ও সারজিল আহমেদ (১৬)।
বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, ওই তিন কিশোর ওই এলাকায় সাইফুল ইসলামের চায়ের স্টলে চা পান করে বিল দেওয়ার সময় ৫০ টাকার নোট দেয়।
তবে ওই নোটটি জাল সন্দেহ হলে দোকানি তা আশপাশের লোকজনকে দেখালে তাদেরও সন্দেহ হয়।
এ সময় জনতা পুলিশকে খবর দিলে সদর ফাঁড়ির পুলিশ গিয়ে তাদের আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে।
পরে তাদের কাছ থেকে ৫০ টাকার ১৮টি, ২০ টাকার ১২টি ও ১০ টাকার ১৮টি নোট উদ্ধার করা হয়। তাদের কাছে কীভাবে নোটগুলো এলো তা জানতে তদন্ত শুরু করেছে ডিবি।





