ফুলেল শুভেচ্ছা পেলেন বাংলাদেশের হকি খেলোয়াড়েরা

আপডেট: December 12, 2025 |
boishakhinews 12
print news

হকি যুব বিশ্বকাপের রূপকথা লিখে আজ বিকেলে দেশে ফিরেছে আমিরুল-রকিরা। লাল-সবুজের যুব দলকে স্বাগত জানাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড় ও কোচিং স্টাফদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ফেডারেশন এবং সাবেক হকি তারকারা। রফিকুল ইসলাম কামাল, এহসান রানা, তারেক আদেলসহ দেশের বেশ কয়েকজন কিংবদন্তি খেলোয়াড় তরুণদের এই অর্জন উদযাপনে সামনে থেকে অংশ নেন।

বিশ্বকাপে ১৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার মুকুট জিতেছেন বাংলাদেশের আমিরুল ইসলাম—যা আগে কখনোই দেশ পায়নি। ফলে বিমানবন্দরে পৌঁছাতেই ওঠে আনুষ্ঠানিক সংবর্ধনার দাবি। এ বিষয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানান, আগামী ১৫ ডিসেম্বর আমিরুলকে একটি আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলোচনা চলছে। উপদেষ্টা না থাকায় আমরা সচিব মহোদয়ের কাছে বিষয়টি আলাদাভাবে উত্থাপন করব।”

বিশ্বকাপের সাফল্যের পর ঘরোয়া হকিকে পুনরুজ্জীবিত করার দাবি আরও জোরালো হয়েছে। তিন মাস আগের বৈঠকে ক্লাবগুলো অর্থসংকটের কথা জানিয়ে লিগ শুরুর জন্য সময় চেয়েছিল। রিয়াজুল জানান, ডিসেম্বরেই নতুন করে বৈঠকের ডাক দেওয়া হবে। “আমরা চাই লিগ শুরু হোক। খেলোয়াড় তৈরি হবে ক্লাবের মাধ্যমে। ফেডারেশনের কাজ হলো সুযোগ তৈরি করা।”

বাংলাদেশ হকির চিরাচরিত সমস্যা আর্থিক সংকট। তবে যুব বিশ্বকাপের আলোচনার পর ফেডারেশনের আশা, এবার স্পনসর পাওয়া কঠিন হবে না। রিয়াজুল বলেন, “আমরা ইতোমধ্যে কিছু কর্পোরেশন ও ব্যাংকের সঙ্গে কথা বলছি। এটিকে প্রজেক্ট আকারে নিতে চাই। আশা করি জানুয়ারির মধ্যে কোনো একটি প্রতিষ্ঠান এগিয়ে আসবে। আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন বড় মানের খেলোয়াড় উঠে আসবে বলে আমি আশাবাদী।”

দেশে ফিরে আবেগাপ্লুত অধিনায়ক আমিরুল বলেন, “আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলা এবং দেশের মানুষের মুখে হাসি ফোটানো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।”

ডাচ কোচ সিগফ্রেড আইকম্যান দলের পারফরম্যান্স নিয়ে ভীষণ সন্তুষ্ট। তিনি বলেন, “ছেলেরা দল হিসেবে খেলেছে—এটাই সবচেয়ে বড় সাফল্য। যারা মাঠে ছিল তারা একজন আরেকজনের জন্য লড়েছে।”

শুধু আমিরুল নয়, রকিসহ অন্যান্য খেলোয়াড়ের অবদান ভুলে যেতে মানা জানালেন কোচ। “রকি দুর্দান্ত রক্ষণ করেছে, গুরুত্বপূর্ণ পেনাল্টি কর্নার আদায় করেছে দল। আমাদের ইনজেক্টর, স্টপার, ফ্লিকার—সবাই মিলে এই সাফল্য এনেছে,” যোগ করেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর