চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল অস্ত্র রয়েছে: জামায়াত আমির

আপডেট: December 13, 2025 |
inbound7677381242241988689
print news

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় নির্বাচন কমিশনকে (ইসি) উদ্দেশ্য করে এ-সংক্রান্ত বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুর রহমান লিখেছেন, ‘ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে, সমাজের চিহ্নিত সন্ত্রাসীদের হাতে বিপুল অস্ত্র রয়েছে।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের পাকড়াও করা নির্বাচন কমিশনের প্রধানতম দায়িত্ব। যদি এই কাজে কোনো ধরনের শিথিলতা প্রদর্শিত হয়, তাহলে সুষ্ঠু নির্বাচনের বুলি একেবারেই ফাঁকা বলে প্রমাণিত হবে।’

তিনি আরও লিখেছেন, ‘জনগণের জীবন, নিরাপত্তা ও শৃঙ্খলা যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন এ ধরনের পদক্ষেপ নিলে জনগণ তাদের পাশে দাঁড়াবে।’

1765550007 1

এদিকে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

আসাদুজ্জামান বলেন, ‘হাদির মাথায় বুলেটের আঘাত আছে। বুকে ও পায়েও আঘাত আছে। ধারণা করা হচ্ছে, পায়ের আঘাতটা রিকশা থেকে পড়ে গিয়ে হতে পারে। আমরা ঢাকা মেডিকেলে একটা প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) করেছি। এখন তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘পরিবারের সম্মতিতেই তাকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে। পরিবার প্রথমদিকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা বলেছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ারে নেওয়ার কথা বলেছে।

আমরা তাদের সিদ্ধান্ত মোতাবেক এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা প্রস্তুত রয়েছে। এখনই তাকে সেখানে নেওয়ার ব্যবস্থা করছি।’

এর আগে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে এসে জামায়াত আমির বলেন, যারা এই হত্যাচেষ্টা চালিয়েছে, যারা গুলি করেছে- তাদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এ ব্যাপারে কোনো ধরনের ঢিলেমি বরদাস্ত করা হবে না। সরকার যেন আন্তরিকভাবে দায়িত্ব পালন করে- সেটা আমরা দেখতে চাই।

তিনি হাদির জন্য সবার দোয়া কামনা করে বলেন, তার অবস্থা খুবই সংকটাপন্ন। সে যেন দ্রুত সুস্থ হয়ে মুক্তির লড়াইয়ে আবার রাজপথে আমাদের সঙ্গে শরিক হতে পারেন- আল্লাহর কাছে সে দোয়া করছি।

Share Now

এই বিভাগের আরও খবর