হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত, ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ: ডা. সায়েদুর রহমান

আপডেট: December 13, 2025 |
inbound6780404977167269750
print news

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, হাদির অবস্থা “খুবই ক্রিটিক্যাল” এবং সামনে অন্তত ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. সায়েদুর রহমান জানান, হাদির মাথায় বাম কানের ঠিক ওপরে গুলি ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে গেছে। এই গতিপথে মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ভাষায়, “এটি চিকিৎসাবিজ্ঞানে ম্যাসিভ ব্রেন ইনজুরি হিসেবে বিবেচিত। ব্রেন স্টেম মানুষের জীবনরক্ষাকারী অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ন্ত্রণ করে। তাই পরিস্থিতি অত্যন্ত জটিল।”

বর্তমান অবস্থায় হাদির ওপর নতুন কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন করা সম্ভব নয় বলে জানান তিনি। বলেন, চিকিৎসকেরা এখন কেবল লাইফ সাপোর্টের মাধ্যমে তাঁকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ডা. সায়েদুর রহমান বলেন, “আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আশার নিশ্চয়তা দেওয়ার মতো অবস্থা নেই।”

তিনি আরও জানান, হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে। তবে একেবারে আশাহীন অবস্থাও নয়। কারণ অস্ত্রোপচারের সময় তাঁর শরীরে স্বতঃস্ফূর্ত শ্বাস-প্রশ্বাসের কিছু সাড়া পাওয়া গেছে। এটুকুকেই চিকিৎসকেরা একটুখানি আশার জায়গা হিসেবে দেখছেন।

চিকিৎসকদের বরাতে তিনি জানান, অস্ত্রোপচারের আগে একপর্যায়ে হাদি শকে চলে গিয়েছিলেন। পরে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় তাঁর নাক ও গলা দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হয়। বর্তমানে সেই রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “পথটা সহজ নয়।”

Share Now

এই বিভাগের আরও খবর