জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে বেগম খালেদা জিয়ার মরদেহ

আপডেট: December 31, 2025 |
inbound4233355729082459682
print news

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো মরদেহটি একটি ফ্রিজার ভ্যানে বহন করা হয়।

রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী সেনাবাহিনী হিউম্যান চেইন তৈরি করে মরদেহটি সংসদ ভবন এলাকায় নিয়ে আসে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছায়।

এর আগে বেলা ১১টা ৫ মিনিটে ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে মরদেহটি নিয়ে যাত্রা শুরু হয়।

তারও আগে সকাল ৮টা ৫৪ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে নেওয়া হয়। শুরুতে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে গাড়িটি তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর বেলা ১১টা ৫ মিনিট পর্যন্ত পরিবারের সদস্য এবং বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।

বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের প্রতিনিধিরা ঢাকায় আসছেন। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর