দলের রাজনীতির নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির

আপডেট: January 27, 2026 |
inbound146388162122501155
print news

যশোরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দলের রাজনীতির বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই।

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানো যাবে না, চাঁদাবাজি হবে না। হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, একটি বন্ধু সংগঠন একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলছে, অন্যদিকে গায়ে হাত দিচ্ছে। এ দুটো একসাথে চলতে পারে না।

আসন্ন নির্বাচনকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এটি কেবল ক্ষমতা বদলের লড়াই নয়, জনগণের মাধ্যমে রাজনীতির গতিপথ পাল্টে দেওয়ার সুযোগ।

রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে জানিয়ে জামায়াত আমির বলেন, ‘দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা হবে’। নারীদের হাতে শুধু ফ্যামিলি কার্ড তুলে না দিয়ে কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

পরিবারকেন্দ্রির বা গোষ্ঠীগত রাজনীতির পরিবর্তে জনগণকেন্দ্রিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করার প্রতিশ্রুতি জামায়াত আমির।

তিনি বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে ছিলাম, আছি এবং থাকব। আমাদের প্রতীক দাঁড়িপাল্লা—এই পাল্লায় কোনো কম-বেশি হবে না। ন্যায়বিচারের ভিত্তিতে প্রত্যেককে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে।’

জনসভায় আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাও. আজিজুর রহমান, যশোর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু, মাগুরা জেলা আমীর এম বি বাকের, বিশিষ্ট আইনজীবী ও যশোর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. গাজী এনামুল হক, যশোর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি আব্দুল কাদের, যশোর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুক্তার আলী প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর