সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা

আপডেট: March 4, 2026 |
inbound2595525906869856051
print news

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নাগরিকদের সেবা গ্রহণ সহজ করা, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে বিভিন্ন ব্যক্তিগত বা দাপ্তরিক কর্মসূচিতে—যেমন সেমিনার, প্রশিক্ষণ, ব্যাংক বা হাসপাতালে যাওয়ার কারণে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকেন না। ফলে সেবাগ্রহণকারী সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগে বিঘ্ন ঘটে এবং প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে।

এই পরিস্থিতি এড়াতে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সবাইকে অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে দাপ্তরিক কর্মসূচি নির্ধারণের সময় যেন এই ৪০ মিনিটের সময়সীমা বিঘ্নিত না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এই নির্দেশনার আওতার বাইরে রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, হাসপাতাল ও জেলখানার মতো জরুরি সেবায় রোস্টার ডিউটিতে নিয়োজিত কর্মী এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের।

এছাড়া ভিভিআইপি প্রটোকল বা আকস্মিক বড় কোনো দুর্ঘটনা মোকাবেলার মতো জরুরি পরিস্থিতিতে এই নিয়ম শিথিলযোগ্য হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও পরিপত্রে কঠোরভাবে বলা হয়েছে, কর্তৃপক্ষের লিখিত অনুমতি বা দাপ্তরিক কাজ ছাড়া অফিস চলাকালীন কোনো কর্মকর্তা বা কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এর ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর