দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

আপডেট: November 18, 2026 |
Untitled 31
print news

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

সংসদে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী, আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। তবে ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী, তা বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বুধবার বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বৈধ পথে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার ও উদ্যোগ গ্রহণ করেছে। হুন্ডি প্রতিরোধ, লেনদেন সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে, অর্থাৎ ২০২৬ সালের ১৯ অক্টোবর হিসাবে বাংলাদেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের মতো।

তিনি বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই প্রধান উৎসের একটি চালু করার উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাংলাদেশি শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন।

তারেক রহমান বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধ, লেনদেন সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরদের মাধ্যমে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর ফলে বিদেশে নতুন রেমিট্যান্স পাঠানোর সংযোগ যুক্ত করা সহজ হচ্ছে। প্রবাসীদের জন্য অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় ট্রান্সফার খরচ কমেছে।

তিনি আরও বলেন, বৈধ পথে রেমিট্যান্স প্রবৃদ্ধি বাড়াতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে বাংলাদেশ সরকার নগদ সহায়তা বা প্রণোদনা প্রদান করেছে। এ ছাড়া কম খরচে রেমিট্যান্স পাঠানোর জন্য এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে রেমিট্যান্স পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে।

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন রাখতে নতুন ধারণা, প্রযুক্তি ও মাধ্যম নিয়ে উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Share Now