কুমারখালীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট: March 12, 2026 |
inbound5975167948617355187
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা-কেশবপুর এলাকায় অবৈধ ড্রাম চিমনি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।

অভিযানে দুইটি অবৈধ ইটভাটার স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রায় চার লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এ সময় একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে যদুবয়রা-কেশবপুর এলাকার বিএবি ব্রিকস নামের অবৈধ ইটভাটার মালিক মো. আমজাদ হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে স্কেভেটর দিয়ে ভাটা ভেঙে ফেলা হয় এবং প্রায় এক লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়।

একই এলাকার সাগর ব্রিকস নামের আরেকটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয় এবং প্রায় তিন লাখ কাঁচা ইট নষ্ট করা হয়।

অভিযানে প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল হক।

প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র কেমিস্ট মো. হাবিবুল বাসারসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় কুষ্টিয়া জেলা পুলিশ এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর