দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জামায়াত আমীর

আপডেট: March 21, 2026 |
inbound8476306661847151614
print news

দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলীয়নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শুক্রবার নিজের ও দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে ঈদ সমাগত।

“জাতি এমন এক সময়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে, যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। দীর্ঘদিনের অগণতান্ত্রিক ও জালিম সরকারের পতন ঘটেছে।

“দেশবাসীর প্রত্যাশা, কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না। দেশের মানুষ ভয়ভীতিমুক্ত পরিবেশে চলাফেরা করতে পারবে, কথা বলতে পারবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ ও বৈষম্য থাকবে না।”

দেশের নাগরিকরা ‘জানমাল ও ইজ্জত-আব্রুর’ নিরাপত্তা পাবে আশা প্রকাশ করে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দেশ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সুখে-শান্তিতে বসবাস করতে পারবে।”

ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহার কথা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, “আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না।”

তিনি জুলাইয়ের আকাঙ্ক্ষা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গণমানুষের প্রত্যাশা পূরণে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, “যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের শহীদ হিসেবে কবুল করুন। আর যারা পঙ্গুত্ববরণ করেছেন ও আহত হয়েছেন, আমরা তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

ঈদের নামাজ পড়বেন মনিপুরে

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ঈদের নামাজ পড়বেন মিরপুরের মনিপুরে। পরে তিনি বিকালে মিন্টো রোডে তার জন্য বরাদ্দ রাখা বাসায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুরের ৬০ ফিট রাস্তা সংলগ্ন মনিপুর গার্লস হাইস্কুল মাঠে সকাল ৮টায় ঈদের জামাতে অংশ নেবেন আমির। নামাজের পর সেখানে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এরপর বেলা ১১টায় বিরোধী দলীয় নেতার বাসভবনে কূটনীতিকদের সঙ্গে বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাজনৈতিক দলের নেতাদের ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

Share Now

এই বিভাগের আরও খবর