চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট: March 27, 2026 |
inbound3125936300979335582
print news

চার দিনের সরকারি সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা যাচ্ছেন শনিবার। নতুন সরকার গঠনের পর এটি নিজ জেলায় তার প্রথম সফর। রাষ্ট্রপতির এ সফর ঘিরে জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সফরের বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে।

সফরের প্রথমদিন শনিবার দুপুর সোয়া ১২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টারে করে পাবনা ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করবেন তিনি। এরপর পাবনা সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ শেষে সেখানে রাত্রিযাপন করবেন।

পরদিন রোববার সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এদিন সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।

সোমবার সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন রাষ্ট্রপতি। একই দিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকায় নিজ বাসভবনে সময় কাটাবেন।

মঙ্গলবার সকালে পাবনা সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে নিজ জেলা ত্যাগ করবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তার এ সফর ঘিরে এর মধ্যে পাবনা জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সভাপতিত্বে একাধিক প্রস্তুতিমূলক সভা হয়েছে।

শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলো সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে। এ ছাড়া যেসব স্থানে রাষ্ট্রপতি যাবেন, সেসব স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির এ সফরকে কেন্দ্র করে পাবনার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সবশেষ গত বছরের ৮ নভেম্বর দুই দিনের সরকারি সফরে পাবনায় যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন; যা জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম।

Share Now

এই বিভাগের আরও খবর