গণসংহতি আন্দোলনের পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

আপডেট: April 3, 2026 |
inbound9205114178550133574
print news

বিএনপি সরকারে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ছেন। তার পরিবর্তে নতুন করে কে দলের হাল ধরবেন, সেটি এখনো ঠিক হয়নি।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূইয়া গণমাধ্যমকে বলেন, প্রধান সমন্বয়কারী তার পদ ছাড়ছেন, পরিবর্তে কে দায়িত্বে আসছেন সেটি জানা যাবে আগামীকাল (শনিবার)।

দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব কাকে দেওয়া হবে, তা জানাতে শনিবার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

সেখানে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু, মনির উদ্দীন পাপ্পু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমীসহ কেন্দ্রীয় সদস্যরা।

২৯ আগস্ট ২০০২ সালে ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান’ নিয়ে যাত্রা শুরু করে গণসংহতি আন্দোলন। দীর্ঘ আইনি ও সাংগঠনিক প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের নিবন্ধন পায় দলটি।

প্রতিষ্ঠার পর সংগঠনটি দীর্ঘ সময় সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় থাকার পর ২০১৬ সালের নভেম্বরে তৃতীয় জাতীয় প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে।

ওই সম্মেলনে জোনায়েদ সাকিকে প্রধান সমন্বয়কারী ও আব্দুস সালামকে নির্বাহী সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের শরিক হিসেবে দলের প্রতীক মাথাল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জোনায়েদ সাকি।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারে গণসংহতির আন্দোলনের এই নেতাকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরে অর্থ মন্ত্রণালয় থেকে সরিয়ে শুধু পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর