নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

নড়াইলের আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ মে) মধ্যরাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত সোমবার খুলনার ফুলতলা এলাকা থেকে পরিবার নিয়ে নড়াইলের বাহিরগ্রামে খালার বাড়িতে বেড়াতে যান সাকিব শেখ। মঙ্গলবার রাতে ঘুমন্ত স্ত্রী চাঁদনী আক্তারকে বটি দিয়ে কুপিয়ে জখম করে সাকিব। পরিবারের লোকজন আহত চাঁদনীকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্বামী সাকিব শেখকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব তার স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় স্ত্রীর সঙ্গে কলহের জেরে এ হত্যাকাণ্ড। তাদের তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে।












