গণমাধ্যমকর্মীদের সাথে চাটগ্রামের নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: May 17, 2026 |
inbound4244383029882555364
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের সাথে এক সৌজন্য ও মতবিনিময় সভা করেছেন নবাগত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম।

আজ রবিবার (১৭ মে) সকাল ১১:০০ টায় চট্টগ্রামের নাসিরাবাদে অবস্থিত পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার চট্টগ্রাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থান, জনবান্ধব পুলিশিং এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালুর বিষয়ে তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও রূপরেখা তুলে ধরেন।

গণমাধ্যমকে সমাজের দর্পণ উল্লেখ করে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, “জনগণের আস্থা অর্জনে এবং একটি অপরাধমুক্ত সমাজ গঠনে গণমাধ্যম পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার।

বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবসময় সহায়ক ভূমিকা পালন করে।” তিনি আরও উল্লেখ করেন, চট্টগ্রাম জেলা পুলিশ সবসময় গণমাধ্যমকর্মীদের সাথে সুদৃঢ় সমন্বয়ের মাধ্যমে কাজ করতে আগ্রহী।

তথ্যভিত্তিক ও সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে তিনি সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ জেলার ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক নির্মূল, প্রত্যন্ত অঞ্চলের নিরাপত্তা ও পুলিশের সেবার মান বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মূল্যবান মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

পুলিশ সুপার অত্যন্ত গুরুত্বসহকারে সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনস্বার্থে একযোগে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর