জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।
এর পূর্বে জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির আহবায়ক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও, সুশীল সমাজের প্রতিনিধিরা।
মঙ্গলবার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আল মামুন মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।
আলোচনা সভায় বিশেষ অতিথির মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহনাজ পারভিন, আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, শহর জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, জুলাই শহীদ নজিবুল সরকার বিশালের মা বুলবুলি খাতুন, শহীদ রিতা আক্তারের মা রেহানা বিবি, জুলাই যোদ্ধা রাশেদুল ইসলাম, দেওয়ান হাসান, হাসিবুল হক সানজিদ, আবু সাঈদসহ আরও অনেকে।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তাঁদের আদর্শকে ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের হাতে গাছের চারা তুলে দেন অতিথিরা। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




