৩৪ দিনে শাহজালাল মাজারের দানবক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা

আপডেট: August 16, 2026 |
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: প্রায় ৩৪ দিন পর আবারও সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ খোলা হয়েছে। এতে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা, স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে গণনা শেষে সাংবাদিকদের উপস্থিতিতে হিসাব ঘোষণা করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এর আগে সোয়া ১০টার দিকে মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্সের সিলগালা খোলার পর গণনা কার্যক্রম শুরু হয়। দিনভর চলে টাকা ও অন্যান্য সামগ্রী গণনার কাজ।

সিসিক প্রশাসক জানান, দানবাক্স ও ডেগ থেকে মোট ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা নগদ পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে ২ ভরি ১ রতি স্বর্ণ এবং ১ ভরি ২ আনা রুপা।

IMG 20260816 133420 750 x 430 pixel

মাজারের দানবাক্সে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ইংল্যান্ডের পাউন্ড, ভারত ও পাকিস্তানের রুপি, সৌদি আরবের রিয়াল, মালয়েশিয়ার রিঙ্গিত, মার্কিন ডলার, নেপালি রুপি, ওমানি মুদ্রা, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ইরাকি দিনার, তুর্কি লিরা, জাপানি ইয়েন, ভিয়েতনামের ডং, কাতারি রিয়াল, লেবানন ও মিসরের পাউন্ড, ইউরো, বাহরাইনি মুদ্রা এবং কানাডিয়ান ডলার।

এ সময় নজরানা হিসেবে গরু, ছাগল, হাঁস ও মুরগিও পাওয়া গেছে বলে জানান সংশ্লিষ্টরা।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি কাজ করছে। শিগগিরই নীতিমালা চূড়ান্ত হলে ভবিষ্যতে সেই অনুযায়ী দানবাক্সের অর্থ গণনা ও ব্যবস্থাপনা করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ২২ জুন প্রথমবার এবং ১১ জুলাই দ্বিতীয়বার প্রকাশ্যে মাজারের দানবাক্সের অর্থ গণনা করা হয়। দ্বিতীয় দফার ৩৪ দিন পর শনিবার তৃতীয়বারের মতো মাজারের ডেগ ও দানবাক্স খুলে হিসাব করা হলো।

Share Now

এই বিভাগের আরও খবর