বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে নারীসহ দুইজনের ওপর হামলা

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ দুইজনের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উমারেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় স্থানীয় আবুল কালাম আজাদের স্ত্রী হাসি বেগম (৪৫) ও তাঁর ভাইয়ের ছেলে ইয়াসিন (১৭) আহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য আবুল কালাম আজাদ জানান, উমারেরপাড় মৌজার জেএল নম্বর-৬, আরএস ৪৩ নম্বর খতিয়ানের (৪৩ক) ৪৩৪ নম্বর দাগে ২ একর ৫৫ শতাংশ জমি তাঁর বাবা মকবুল হোসেন ওয়ারিশসূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।
তবে মাসুদ রানা (৪০), পিতা-আজিজুল হক; মো. মিন্টু (৫৬), পিতা-মৃত ফজলুল হক; মাহবুব (৫৫), পিতা-মৃত মজিদ; ইউসুফ (৬০), পিতা-নূর হোসেন মিয়াসহ কয়েকজন ওই জমি অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছেন বলে অভিযোগ করেন তিনি।
এ নিয়ে বরিশালের বানারীপাড়া সিভিল কোর্টে মামলা চলমান রয়েছে বলেও জানান আবুল কালাম আজাদ। তাঁর অভিযোগ, মামলা চলমান থাকা সত্ত্বেও প্রতিপক্ষ বিভিন্ন সময়ে আইন-আদালতকে উপেক্ষা করে জমি দখলের উদ্দেশ্যে হামলা ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
আহত হাসি বেগমের দাবি, শুক্রবার দুপুরে মাসুদ রানা কয়েকজন লোকজন নিয়ে তাঁদের দোকানঘর ভাঙতে শুরু করেন। এতে তিনি বাধা দিলে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়।
এ সময় তাঁকে রক্ষা করতে তাঁর দেবরের ছেলে ইয়াসিন এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর বিকেলে আহত হাসি বেগম ও ইয়াসিনকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।
পরিবারের দাবি, গুরুতর আহত হাসি বেগমকে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। অন্যদিকে ইয়াসিনকে প্রয়োজনীয় কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা শেষে ওষুধপত্র দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বানারীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এ প্রতিবেদনে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।





