নকল ওয়েবসাইট ও কিউআর কোড বানিয়ে পুলিশ ক্লিয়ারেন্স, গ্রেপ্তার ৪

চট্টগ্রামে নকল ওয়েবসাইট ও কিউআর কোড তৈরি করে জাল পুলিশ ক্লিয়ারেন্স সনদ বানিয়ে বিদেশগামী নাগরিকদের সঙ্গে প্রতারণা এবং সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করার অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৬ আগস্ট) দিনভর নগরের বিভিন্ন এলাকা ও বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।
পুলিশ জানায়, বিদেশগামী এক ব্যক্তির পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজনের বিষয়কে কেন্দ্র করে চক্রটির সন্ধান পাওয়া যায়। দ্রুত ও সহজে পুলিশ ক্লিয়ারেন্স করে দেওয়ার কথা বলে ওই ব্যক্তির কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা নেয় চক্রটি। পরে সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে প্রকৃত পুলিশ ক্লিয়ারেন্সের আদলে একটি জাল সনদ তৈরি করা হয়।
সনদটি বিশ্বাসযোগ্য করে তুলতে প্রকৃত কিউআর কোডের আদলে নকল কিউআর কোড এবং একটি নকল ওয়েবসাইট তৈরি করে চক্রটি। কিউআর কোড স্ক্যান করলে সরকারি ওয়েবসাইটের পরিবর্তে চক্রটির তৈরি ওয়েবসাইটের তথ্য প্রদর্শিত হতো।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, জাল সনদটিকে প্রকৃত মনে করে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সিতে জমা দেন ভুক্তভোগী। পরে এজেন্সির যাচাইয়ে সনদটি জাল হিসেবে শনাক্ত হয়। এরপর তিনি চট্টগ্রামের পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, অভিযোগ পাওয়ার পর জেলা গোয়েন্দা শাখা তদন্ত শুরু করে। প্রযুক্তিগত ও অন্যান্য তথ্য বিশ্লেষণের মাধ্যমে চক্রটির সদস্যদের শনাক্ত করা হয়।
পরে জেলা বিশেষ শাখা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে বাঁশখালী ও চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আশরাফ আলী খান (৩৬), মো. নিশান (৩৬), মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (৪৮) ও মো. আব্দুর রহমান (৪৬)।
এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।














