সরকারি দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: বিমানমন্ত্রী

আপডেট: August 31, 2026 |
fd 248
print news

‘ফ্যাসিস্ট আমলের মনোভাব নিয়ে আর চাকরি করা যাবে না’-সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।

তিনি বলেছেন, যারা কাজ করতে চান না, তারা চাকরি ছেড়ে চলে যান। দায়িত্ব পালনে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জেলার আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, ‘বিগত সময়ে যা হয়েছে, আমরা তা করতে চাই না। ফ্যাসিস্ট আমলের চাকরি আর করা যাবে না। মন থেকে ওইসব বাদ দিয়ে নতুন করে কাজ শুরু করুন। আর যারা কাজ করতে চান না, তারা চাকরি ছেড়ে চলে যান। কাজ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ ও জেলার উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনবান্ধব কাজ করতে হলে যার যার দায়িত্ব নিজ থেকে পালন করতে হবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা গেলে জনগণ সন্তুষ্ট হবে, অন্যথায় তারা মুখ ফিরিয়ে নেবে।

প্রধানমন্ত্রীর কর্মস্পৃহার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন ১৪ থেকে ১৮ ঘণ্টা কাজ করেন। তিনি যদি এত সময় কাজ করতে পারেন, তাহলে আমরা কেন পারব না-এই প্রশ্ন নিজের বিবেককে করলে কর্মস্পৃহা নিয়ে কাজ করা সম্ভব।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে দেশকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে। নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশকে সংস্কার ও এগিয়ে নিতে হবে। নেতৃত্বের অভাবে বাংলাদেশ পিছিয়ে ছিল বলেও মন্তব্য করেন তিনি।

সভায় মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, সারাদেশে মাদকের বিস্তার ঘটেছে। আগামী প্রজন্মকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি জুয়া, চোরাচালান বন্ধ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে হবে।

দেশে সার সংকট নেই দাবি করে তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে পর্যাপ্ত সার মজুদ রয়েছে এবং স্থানীয় পর্যায়েও সংকট নেই। শম্ভুগঞ্জ সার গুদাম সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। শিগগিরই সার ডিলার এবং টিসিবি ও ওএমএসের ডিলার নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে মন্ত্রী বলেন, চলতি বছরের শেষ দিকে কর্মসংস্থানের একটি ব্যবস্থা করা হচ্ছে। এর আওতায় ১০ হাজার যুবককে বিনা খরচে এবং আরও তিন লাখ যুবককে স্বল্প খরচে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পুলিশের চাকরিতে এখন টাকা লাগে না বলেও উল্লেখ করেন তিনি।

গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার উত্তরাধিকারসূত্রে এই সমস্যা পেয়েছে। সংকট সমাধানে সময় প্রয়োজন। বিরোধী দল এ নিয়ে আন্দোলন করতে পারে, তবে সরকার সরে গেলে তারাও এ সমস্যার সমাধান করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

ময়মনসিংহে এলজিইডির উন্নয়নকাজ ফেলে রাখার ঘটনায় সংশ্লিষ্ট ৩০টি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা জেলার উন্নয়নে তিনি সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সর্বাত্মকভাবে কাজ করতে চান।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছার এমপি জাকির হোসেন বাবলু, ঈশ্বরগঞ্জের এমপি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, গফরগাঁওয়ের এমপি আকতারুজ্জামান বাচ্চু, ফুলবাড়ীয়ার এমপি মোহাম্মদ কামরুল হাসান মিলন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর