রুহিয়ায় পানির পাম্প চুরি করতে গিয়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

আপডেট: September 30, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পানির পাম্প চুরি করতে গিয়ে দেখে ফেলায় বিন্দুমতি (৬৫) নামে এক বৃদ্ধাকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা চোর চক্রের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে রাত ১২টার মধ্যে উপজেলার ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়নের চাপাতি দুর্গা মন্দিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিন্দুমতি ওই গ্রামের মৃত তলিন সরকারের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে চোরেরা রঞ্জন সরকারের বাড়িতে পানির পাম্প চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় বিন্দুমতি ঘুম থেকে উঠে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের দক্ষিণ পাশ দিয়ে বাথরুমে যাওয়ার সময় চোরদের দেখতে পান।

ধারণা করা হচ্ছে, ধরা পড়ার ভয়ে চোরেরা তার মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে রাত আনুমানিক ১২টার দিকে রঞ্জন সরকার বৈরাগীরহাটের দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। বাড়িতে ঢুকে স্ত্রী দীপালী রানীকে ডাক দিলে তিনি বাথরুমে যাওয়ার পথে গলিতে শাশুড়ি বিন্দুমতিকে পড়ে থাকতে দেখেন।

তার চিৎকারে রঞ্জন ছুটে এসে তাকে বারান্দায় নিয়ে আসেন। এ সময় মাথায় জমাট বাঁধা রক্ত দেখতে পান তারা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর তারা দেখতে পান, নিহতের ছেলে গোলাপ সরকার, মিলার সরকার ও রঞ্জন সরকারের বাড়ির পানির পাম্প চুরি হয়ে গেছে।

খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

রুহিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন । মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Share Now

এই বিভাগের আরও খবর