বিশ্ব শিক্ষক দিবসে বাংলাগাড় দাখিল মাদ্রাসা শিক্ষক মণ্ডলীর আলোচনা সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার “বাংলাগাড় দাখিল মাদ্রাসা”র শিক্ষক মণ্ডলীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এই সভায় শিক্ষার মানোন্নয়ন, নীতি-নৈতিকতার চর্চা এবং আদর্শ সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মাদ্রাসার (সুপারিনটেনডেন্ট)-আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মাদ্রাসার সুপার আজিজুর রহমান বলেন, শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিক ও ইসলামিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষকদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
প্রযুক্তির এই যুগে আধুনিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষার সুন্দর সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরো বলেন, শিক্ষকদের পেশাগত উন্নয়ন, পেশাগত মর্যাদা রক্ষা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে মাদ্রাসার সর্বস্তরের শিক্ষকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রতিষ্ঠানটির শিক্ষকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরবর্তীতে বিশ্বশান্তি, দেশের উন্নতি এবং মাদ্রাসার শিক্ষার্থীদের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি করা হয়।



