রাণীশংকৈলে ইয়াবা সেবনের দায়ে যুবকের তিন মাসের কারাদণ্ড

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা সেবনের দায়ে ফয়সাল নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৬ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪ নম্বর লেহেম্বা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উমরাডাঙ্গী বাজারে স্থানীয়রা তাকে আটক করে প্রশাসনকে খবর দেয়।
এসময় উপজেলা প্রশাসনের একটি বিশেষ দল ওই এলাকায় উপস্থিত হলে ফয়সালের দেহ তল্লাশি করে মাদকদ্রব্য ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
অপরাধের মাত্রা ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান।
এসময় তিনি জানান, স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতায় অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়। মাদকমুক্ত সমাজ গড়তে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই ঘটনাটি স্থানীয় এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে সাময়িক আতঙ্ক সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মাঝে প্রশাসনের কঠোর অবস্থানের বার্তা পৌঁছে দিয়েছে।


